এআই কোম্পানি গড়তে চান এয়ারবিএনবির প্রধান ব্রায়ান চেস্কি

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ৭ জুন ২০২৬, ১২:১৩

এআই কোম্পানি গড়তে চান এয়ারবিএনবির প্রধান ব্রায়ান চেস্কি
এয়ারবিএনবি-এর প্রধান নির্বাহী ব্রায়ান চেস্কি -ছবি : ফরচুন

এয়ারবিএনবি- এর প্রধান নির্বাহী ব্রায়ান চেস্কি নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি বা গবেষণাগার গড়ে তোলার পরিকল্পনা করছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এটি তার প্রথমবারের মতো বৈশ্বিক এআই প্রতিযোগিতায় সরাসরি অংশ নেওয়ার উদ্যোগ।

সূত্রগুলো বলছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল তৈরি করা হবে। এর মূল লক্ষ্য থাকবে ব্যবহারকারীর সঙ্গে মিথস্ক্রিয়া এবং নকশা বা ডিজাইনভিত্তিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা। যদিও প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবু এর অর্থায়ন ও কাঠামো গঠনের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। পরিকল্পনার বিস্তারিত ভবিষ্যতে পরিবর্তন হতে পারে বলেও সূত্রগুলোর দাবি।

তবে নতুন এআই উদ্যোগ শুরু করলেও এয়ারবিএনবির প্রধান নির্বাহী পদে বহাল থাকবেন ব্রায়ান চেস্কি। নতুন গবেষণাগারের প্রধান নির্বাহী হিসেবে তিনি দায়িত্ব নেবেন না বলেও জানা গেছে।

প্রায় দুই দশক আগে এয়ারবিএনবি প্রতিষ্ঠা করেন চেস্কি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বারবার বলেছেন, ভ্রমণ ও ই-কমার্স খাতে এআই ব্যবহারের ক্ষেত্রে শুধু সাধারণ টেক্সটভিত্তিক চ্যাটবট যথেষ্ট নয়। তার মতে, ভবিষ্যতের জন্য দরকার আরও সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব ইন্টারফেস।

অনলাইন ভ্রমণ খাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এক্সপিডিয়া ও বুকিং হোল্ডিংস ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্বে চ্যাটজিপিটি-ভিত্তিক প্লাগ-ইন তৈরি করলেও এয়ারবিএনবি এখনো সে পথে যায়নি। চেস্কির মতে, বর্তমান এআই টুলগুলো এখনো যথেষ্ট পরিপক্ব নয়।

এ বিষয়ে চেস্কি বা এয়ারবিএনবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে এয়ারবিএনবিকে একটি পূর্ণাঙ্গ ‘ডু-ইট-অল’ ট্রাভেল অ্যাপে রূপান্তরের কাজ চালিয়ে যাচ্ছেন চেস্কি। নতুন নতুন সেবা যুক্ত করে তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান, যা থেকে বছরে এক বিলিয়ন ডলার বা তার বেশি আয় সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির কর্মীরাও ইতোমধ্যে এআই কোডিং টুল ব্যবহার করছেন। এর ফলে নতুন ব্যবসায়িক উদ্যোগ কয়েক বছরের বদলে মাত্র কয়েক সপ্তাহেই পরীক্ষামূলকভাবে চালু করা সম্ভব হচ্ছে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান চেস্কি।

ফরচুন ৫০০ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের  ফাউন্ডার-সিইওদের একজন হিসেবে চেস্কি এখনো সরাসরি পণ্য ও ব্যবসায়িক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার এই সরাসরি সম্পৃক্ততাকে উদ্যোক্তা ও বিনিয়োগকারী পল গ্রাহাম ২০২৪ সালে “ফাউন্ডার মোড” নামে আখ্যা দেন।

সূত্র : ফরচুন

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন