এআই খাতে সরাসরি প্রতিদ্বন্দ্বীতায় নামছে মাইক্রোসফট ও ওপেনএআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ১২:২৭

এআই খাতে সরাসরি প্রতিদ্বন্দ্বীতায় নামছে মাইক্রোসফট ও ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্বের পর ভিন্ন পথে হাঁটতে শুরু করেছে মাইক্রোসফট ও ওপেনএআই। সহযোগিতা বজায় থাকলেও এখন দুই প্রতিষ্ঠানই নিজস্ব প্রযুক্তি ও কৌশল নিয়ে সরাসরি প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে। ফলে এআই খাতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

মাইক্রোসফটের বার্ষিক ‘বিল্ড’ ডেভেলপার সম্মেলনে একাধিক নতুন এআই উদ্যোগের ঘোষণা এসেছে। এর মধ্যে রয়েছে নিজস্ব রিজনিং মডেল, সুপার অ্যাপ, সাইবার নিরাপত্তা টুল এবং উন্নত এআই এজেন্ট। এসব উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, ভবিষ্যতে তারা বাইরের অংশীদারিত্বের ওপর কম নির্ভর করে নিজস্ব সক্ষমতায় এগোতে চায়।

এতদিন মাইক্রোসফটের এআই অগ্রযাত্রা অনেকটাই নির্ভর করত ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর। তবে সময়ের সঙ্গে এই সম্পর্কের ধরনে পরিবর্তন আসে এবং চলতি বছরের এপ্রিলে কার্যত দুই পক্ষ আলাদা পথে এগোতে শুরু করে। যদিও এখনো ক্লাউড অবকাঠামোর ক্ষেত্রে সহযোগিতা বহাল রয়েছে।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে নতুন সুযোগ কাজে লাগানোই তাদের লক্ষ্য। অন্যদিকে প্রতিষ্ঠানটির এআই প্রধান মুস্তাফা সুলেমান জানিয়েছেন, বিশ্বসেরা এআই গবেষণাগুলোর কাতারে জায়গা করে নেওয়ার জন্য তারা নিজস্ব প্রযুক্তি উন্নয়নে জোর দিচ্ছেন।

বর্তমানে এআই খাতে শীর্ষে রয়েছে গুগল ডিপমাইন্ড, ওপেনএআই এবং অ্যানথ্রপিক। মাইক্রোসফট এখনো সেই তালিকার বাইরে থাকলেও দ্রুত সেখানে পৌঁছাতে চায় তারা।

বিশ্লেষকেরা বলছেন, এআই খাতে নেতৃত্ব ধরে রাখতে হলে নিজস্ব গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ছাড়া বিকল্প নেই। সেই বাস্তবতাই মাইক্রোসফটকে নতুন কৌশল নিতে বাধ্য করেছে, যা ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্কের নতুন রূপ নির্ধারণ করছে।

অংশীদারিত্ব থেকে প্রতিযোগিতায় এই পরিবর্তন এআই খাতের প্রতিযোগিতা আরও তীব্র করবে এবং ভবিষ্যতের প্রযুক্তি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন