পিসির জন্য নতুন এআই চিপ এনেছে এনভিডিয়া

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৩ জুন ২০২৬, ১৭:৫০

পিসির জন্য নতুন এআই চিপ এনেছে এনভিডিয়া

ব্যক্তিগত কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও সহজ ও শক্তিশালী করতে নতুন এআই চিপ এনেছে এনভিডিয়া। ‘আরটিএক্স স্পার্ক’ নামের এই সুপারচিপকে কেন্দ্র করে এআইচালিত পিসির নতুন ধাপ শুরু হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

তাইওয়ানের কম্পিউটেক্স প্রযুক্তি মেলার দেওয়া বক্তব্যে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, এই উদ্ভাবন কম্পিউটারের জন্য বড় এক পরিবর্তনের সূচনা। তার ভাষায়, মোবাইল ফোন যেমন স্মার্টফোনে রূপান্তরিত হয়ে ব্যবহার পদ্ধতি বদলে দিয়েছিল, তেমনি এই চিপও পিসির ব্যবহার বদলে দিতে পারে।

এনভিডিয়ার তথ্য অনুযায়ী, আরটিএক্স স্পার্ক এমন একটি নতুন প্রজন্মের চিপ, যা ব্যক্তিগত এআই সহকারী বা এআই এজেন্টের জন্য তৈরি। এর মাধ্যমে কম্পিউটার কেবল একটি টুল নয়, বরং ব্যবহারকারীর সহকর্মীর মতো কাজ করতে পারবে।

নতুন এই চিপ যুক্ত করে উইন্ডোজভিত্তিক পিসি বাজারে আনবে লেনোভো, এইচপি, ডেল, মাইক্রোসফট, আসুস এবং এমএসআই। চলতি বছরের শরৎকাল থেকে এসব ডিভাইস বাজারে আসার কথা রয়েছে। পরে এএসার ও গিগাবাইট-এর মডেলও যুক্ত হবে।

এই উদ্যোগের মাধ্যমে পিসি বাজারে অ্যাপল ও ইন্টেল-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এতদিন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ তৈরির জন্য পরিচিত এনভিডিয়া এখন পিসির পূর্ণাঙ্গ স্থাপত্য নিয়েও কাজ শুরু করেছে। এতে পারফরম্যান্স, দক্ষতা ও এআই সমন্বয়ের ক্ষেত্রে নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে

এই প্রকল্পে মাইক্রোসফট-এর সঙ্গে অংশীদারত্ব করেছে এনভিডিয়া। তাদের লক্ষ্য, এআই এজেন্ট পরিচালনার জন্য আরও নিরাপদ ও শক্তিশালী উইন্ডোজ প্ল্যাটফর্ম তৈরি করা।

তবে বিশ্লেষকদের মতে, এই ধরনের উচ্চক্ষমতার চিপের দাম তুলনামূলক বেশি হতে পারে এবং শুরুতে এটি মূলত উচ্চক্ষমতার ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আসবে।

এদিকে এআইচালিত ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় এনভিডিয়ার বাজারমূল্য ইতোমধ্যে ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র সরকার উন্নত এআই চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে, যা বিশেষ করে চীনা প্রতিষ্ঠানের ওপর প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, পিসিতে এআই ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচনে বড় পদক্ষেপ নিয়েছে এনভিডিয়া।

সূত্র : বিবিসি

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন