অফিসের কাজে এআই ব্যবহারে জোর দিচ্ছে ওপেনএআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৩ জুন ২০২৬, ১৩:৪৯

অফিসের কাজে এআই ব্যবহারে জোর দিচ্ছে ওপেনএআই

অফিসের কাজ আরও সহজ ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে ওপেনএআই। এ লক্ষ্যেই তাদের কোড লেখার সহায়ক টুল কোডেক্স-এ নতুন কিছু সুবিধা যুক্ত করা হয়েছে, যা কর্মক্ষেত্রে এজেন্টভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বিস্তৃত করবে।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, কোডেক্স এখন প্রতি সপ্তাহে ৫০ লাখের বেশি সক্রিয় ব্যবহারকারী পাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেস্কটপ সংস্করণ চালুর পর ব্যবহারকারী সংখ্যা ছয় গুণেরও বেশি বেড়েছে। সফটওয়্যার উন্নয়নকারীদের পাশাপাশি এখন প্রায় ২০ শতাংশ ব্যবহারকারী জ্ঞানভিত্তিক পেশার কর্মী, এবং এই সংখ্যা দ্রুত বাড়ছে।

এই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট কাজের জন্য ছয়টি প্লাগইন চালু করেছে ওপেনএআই। ডেটা বিশ্লেষণ, সৃজনশীল কাজ, বিক্রয়, পণ্য নকশা, শেয়ারবাজারে বিনিয়োগ এবং বিনিয়োগ ব্যাংকিংসহ বিভিন্ন খাতে এসব টুল ব্যবহার করা যাবে। প্রতিটি প্লাগইনে প্রয়োজনীয় নির্দেশনা, সংযুক্তি ও প্রাসঙ্গিক তথ্য যুক্ত থাকায় কোডেক্স নির্দিষ্ট পেশার কাজ অনুকরণ করে সম্পন্ন করতে পারবে।

নতুন ‘সাইটস’ সুবিধার মাধ্যমে কোডেক্সে তৈরি কাজ সরাসরি ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট হিসেবে প্রকাশ করা যাবে। এ জন্য উইক্স, রেপ্লিট, ফিগমাসহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে ওপেনএআই।

এ ছাড়া ‘অ্যানোটেশন’ সুবিধা যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা কোনো নথি বা ফাইলের নির্দিষ্ট অংশ চিহ্নিত করে আরও নির্ভুল নির্দেশনা দিতে পারবেন।

এর আগে অ্যানথ্রপিক প্রতিষ্ঠানভিত্তিক এজেন্ট কর্মসূচি চালু করে। তুলনামূলকভাবে ভোক্তামুখী হওয়ায় ওপেনএআই কিছুটা দেরিতে এই খাতে জোর দিলেও, নতুন এসব সুবিধা প্রতিষ্ঠানভিত্তিক ব্যবহারে তাদের অবস্থান শক্ত করার ইঙ্গিত দিচ্ছে।

ওপেনএআইয়ের এক কর্মকর্তা ডেনিস ড্রেসার বলেন, ‌‌‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রতিষ্ঠানগুলোর ভেতরে অর্থবহ কাজ করার সক্ষমতা অর্জন করছে। এখন বড় চ্যালেঞ্জ হলো এসব প্রযুক্তিকে ব্যবসার অবকাঠামো ও কাজের প্রক্রিয়ার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা।’

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন