ডেভেলপার সম্মেলনে নতুন পিসি ও ক্লাউডভিত্তিক এআই টুল আনছে মাইক্রোসফট
বার্ষিক ডেভেলপার সম্মেলনকে সামনে রেখে নতুন পিসি ও ক্লাউডভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে মাইক্রোসফট। মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা কীনোট উপস্থাপনায় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটিই হবে মূল আলোচ্য।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ক্লাউডভিত্তিক সেবার ক্ষেত্রে ওপেনএআই এর সঙ্গে প্রতিযোগিতা ও অংশীদারত্ব দুই দিকই সামাল দিতে চায় মাইক্রোসফট। পাশাপাশি ব্যক্তিগত কম্পিউটারেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে নতুন টুল আনতে পারে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ল্যাপটপ ও ডেস্কটপে এজেন্টভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। যেমন, ওপেনক্লো নামের ওপেন সোর্স সফটওয়্যার একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বটকে একসঙ্গে কাজ করাতে পারে। তবে এ ধরনের টুল ব্যবসায়িক ব্যবহারে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এসব প্রযুক্তিকে আরও নিরাপদ ও ব্যবহারযোগ্য করার দিকেই জোর দেবে মাইক্রোসফট।
বিশ্লেষকদের ধারণা, সম্মেলনে নতুন চিপ প্রযুক্তি নিয়েও আলোচনা হবে। সম্প্রতি এনভিডিয়া যে নতুন চিপ উন্মোচন করেছে, তা ব্যবহার করে সরাসরি ব্যক্তিগত কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা চালানোর সুযোগ তৈরি হতে পারে। এই চিপ ব্যবহার করে তৈরি ল্যাপটপগুলো প্রিমিয়াম বাজারে অ্যাপল এর পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের অগ্রগতি নিয়েও হালনাগাদ তথ্য দিতে পারে মাইক্রোসফট। কোড লেখায় সহায়তা করার ক্ষেত্রে কোডেক্স ও ক্লড কোড এর মতো প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সব মিলিয়ে, এ বছরের ডেভেলপার সম্মেলনকে ঘিরে ব্যক্তিগত কম্পিউটার ও ক্লাউডভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র : রয়টার্স