এআই অবকাঠামো সম্প্রসারণে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে অ্যালফাবেট
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো সম্প্রসারণে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই খাতে বিপুল পরিসরের ডেটা সেন্টার ও কম্পিউটিং সক্ষমতা গড়ে তুলতে তারা ৮০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করছে।
অ্যালফাবেট এক বিবৃতিতে জানায়, তারা এই অর্থ সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করবে এবং তা ব্যবহার করা হবে সাধারণ করপোরেট কার্যক্রম ও মূলধনী ব্যয়, বিশেষ করে এআই অবকাঠামো ও বৈশ্বিক কম্পিউটিং সক্ষমতা বাড়াতে।
এর অংশ হিসেবে প্রায় ১০ বিলিয়ন ডলারের শেয়ার বার্কশায়ার হ্যাথাওয়ের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিনিয়োগ হোল্ডিং কোম্পানি, যা একসময় ওয়ারেন বাফেটের নেতৃত্বে ছিল।
অ্যালফাবেট জানিয়েছে, এআই পণ্য ও সেবার চাহিদা এখন তাদের বর্তমান সক্ষমতার তুলনায় অনেক বেশি। তাই এই বিনিয়োগের মাধ্যমে তারা বৈশ্বিক পর্যায়ে নিজেদের অবকাঠামো আরও শক্তিশালী করতে চায়।
প্রতিষ্ঠানটির মতে, এই শেয়ার পরিকল্পনা তাদের আর্থিক অবস্থানকে স্থিতিশীল রেখে বিনিয়োগ সম্প্রসারণের একটি ভারসাম্যপূর্ণ উপায়।
এর আগে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছিলেন, চলতি বছরে মূলধনী ব্যয় ১৮০ থেকে ১৯০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে, শুধু গুগল ও অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানই এআই অবকাঠামো খাতে এ বছর প্রায় ৭০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে।
সূত্র : টেকক্রাঞ্চ