চ্যাটজিপিটি ভুল পরামর্শে তরুণের মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৩ মে ২০২৬, ১৫:৫৪

চ্যাটজিপিটি ভুল পরামর্শে তরুণের মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওপেনএআই ও এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণের পরিবার, যিনি চ্যাটজিপিটির পরামর্শে মাদকের মিশ্রণ গ্রহণ করে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

মামলায় বলা হয়েছে, ১৯ বছর বয়সী ওই তরুণকে বিভিন্ন মাদক একসঙ্গে নেওয়ার পরামর্শ দিয়েছিল চ্যাটবটটি, যা পরে প্রাণঘাতী অতিরিক্ত মাত্রার কারণ হয়। এ ঘটনায় ওপেনএআইয়ের নতুন ‘স্বাস্থ্য বিষয়ক এআই সেবা’ চালু স্থগিত করারও আবেদন জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে এবং চ্যাটবট চিকিৎসকের বিকল্প নয়।

মামলাটি করা হয়েছে ক্যালিফোর্নিয়ার একটি রাজ্য আদালতে। নিহত তরুণের বাবা-মা অভিযোগ করেন, তাদের ছেলে স্যাম নেলসন চ্যাটজিপিটির মাধ্যমে মাদক মেশানোর বিষয়ে পরামর্শ নিচ্ছিলেন। চ্যাটবটটি তাকে ন্যাজা কমাতে ব্যবহৃত প্রেসক্রিপশন ওষুধ জ্যানাক্স গ্রহণের পরামর্শ দেয় বলে দাবি করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ওই তরুণের শরীরে মাদক ও অ্যালকোহলের মিশ্রণে অতিরিক্ত মাত্রা তৈরি হয় এবং তার মৃত্যু ঘটে। বাদীরা ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি হেলথ’ সেবাটি স্থগিতের আবেদন জানিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালে চালু হওয়া চ্যাটজিপিটির নতুন সংস্করণ ব্যবহারকারীকে আরও আত্মবিশ্বাসী ও চিকিৎসকের মতো ভাষায় পরামর্শ দিতে শুরু করে, যা ঝুঁকিপূর্ণ তথ্য সরবরাহে ভূমিকা রাখে। এতে মাদক ব্যবহারের ধরন ও ডোজ সম্পর্কেও নির্দেশনা পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

ওপেনএআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং কথোপকথনটি পুরোনো সংস্করণের চ্যাটবটে হয়েছিল, যা এখন আর ব্যবহার করা হয় না। প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করছে এবং বিপজ্জনক পরিস্থিতি শনাক্তে নতুন ব্যবস্থা যুক্ত করেছে।

এর আগেও এআই চ্যাটবটের বিরুদ্ধে সহিংসতা ও আত্মক্ষতির ঘটনায় ভূমিকা রাখার অভিযোগে একাধিক মামলা হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের আইনি চ্যালেঞ্জ দ্রুত বাড়ছে বলে প্রযুক্তি খাতের বিশ্লেষকেরা মনে করছেন।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন