চ্যাটজিপিটির নতুন সংস্করণ ‘জিপিটি ৫.৫’-এ বেড়েছে নির্ভুলতা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কথোপকথন সেবায় নতুন ডিফল্ট মডেল চালু করেছে ওপেনএআই। নতুন এই সংস্করণ জিপিটি ৫.৫ ইনস্ট্যান্ট, যা আগের জিপিটি ৫.৩ ইনস্ট্যান্টকে প্রতিস্থাপন করেছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, নতুন মডেলটি আইন, চিকিৎসা ও অর্থনীতি মতো সংবেদনশীল বিষয়ে ভুল তথ্য দেওয়ার প্রবণতা কমাবে। একই সঙ্গে দ্রুত উত্তর দেওয়ার সক্ষমতাও বজায় রাখা হয়েছে।
গত মাসে (এপ্রিল) জিপিটি ৫.৫ এর পূর্ণ সংস্করণ উন্মুক্ত করা হয়। তখন কোড লেখা ও জ্ঞানভিত্তিক কাজে উন্নতির কথা জানানো হয়েছিল। নতুন ইনস্ট্যান্ট সংস্করণটিও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করেছে। এআইএমই ২০২৫ গণিত পরীক্ষায় এর স্কোর ৮১ দশমিক ২, যেখানে আগের মডেলের স্কোর ছিল ৬৫ দশমিক ৪। বহু মাধ্যমভিত্তিক বিশ্লেষণেও এটি আগের সংস্করণকে ছাড়িয়ে গেছে।
নতুন মডেলে প্রাসঙ্গিকতা বোঝার সক্ষমতা বাড়ানো হয়েছে। এতে অনুসন্ধান সুবিধা ব্যবহার করে আগের কথোপকথন, ফাইল এবং জিমেইল থেকে তথ্য নিয়ে আরও ব্যক্তিগতকৃত উত্তর দেওয়া যাবে। শুরুতে এই সুবিধা ওয়েব সংস্করণে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। পরে ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে।
এই হালনাগাদে আরেকটি নতুন দিক হলো স্মৃতি উৎস দেখার সুবিধা। এখন চ্যাটজিপিটি জানাবে, কোন তথ্যের ভিত্তিতে উত্তর তৈরি হয়েছে। ব্যবহারকারীরা চাইলে পুরোনো তথ্য মুছে ফেলতে বা সংশোধন করতে পারবেন। তবে কোনো কথোপকথন শেয়ার করলে এই তথ্য অন্যরা দেখতে পারবেন না।
ডেভেলপারদের জন্য নতুন মডেলটি প্রোগ্রামিং সংযোগের মাধ্যমে ‘চ্যাট-লেটেস্ট’ নামে ব্যবহার করা যাবে। আগের জিপিটি ৫.৩ সংস্করণ সীমিত সময়ের জন্য রাখা হচ্ছে।
এর আগে একটি জনপ্রিয় মডেল বন্ধ করে দেওয়ায় ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়ে ওপেনএআই। অনেকেই সেই মডেলের সঙ্গে আবেগিক সংযোগের কথাও জানান। তবুও চলতি বছরের ফেব্রুয়ারিতে সেটি বন্ধ করা হয়।
সব মিলিয়ে, নতুন সংস্করণ চ্যাটজিপিটিকে আরও নির্ভুল, দ্রুত এবং ব্যবহারকারীবান্ধব করে তুলবে বলে মনে করা হচ্ছে।
সূত্র : টেকক্রাঞ্চ