আইওএস ২৭-এ পছন্দমতো এআই মডেল বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে অ্যাপল
অ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ২৭-এ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নতুন স্বাধীনতা আনতে যাচ্ছে। নতুন সংস্করণে আইফোন ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন এআই মডেল বেছে নিতে পারবেন বলে জানা গেছে।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল এমন একটি সুবিধা আনছে, যার মাধ্যমে তৃতীয় পক্ষের বড় ভাষা মডেল সরাসরি ডিভাইসেই ব্যবহার করা যাবে। অভ্যন্তরীণভাবে ‘এক্সটেনশনস’ নামে পরিচিত এই সুবিধা ব্যবহারকারীদের ইনস্টল করা অ্যাপের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী জেনারেটিভ এআই ব্যবহার করতে দেবে।

এই সুবিধা কাজ করবে অ্যাপলের নিজস্ব এআই প্ল্যাটফর্ম অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন ফিচারের সঙ্গে। যেমন সিরি, রাইটিং টুলস এবং ইমেজ প্লেগ্রাউন্ডে ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন এআই মডেল ব্যবহার করতে পারবেন।
শুধু আইফোন নয়, একই সুবিধা আসবে আইপ্যাডওএস ২৭ এবং ম্যাকওএস ২৭-এও। বর্তমানে গুগল এবং অ্যানথ্রপিকের মডেল নিয়ে পরীক্ষা চলছে। এছাড়া চ্যাটজিপিটিও ব্যবহারযোগ্য অপশন হিসেবে থাকছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জন টারনাস, যিনি ভবিষ্যৎ এআই কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিশ্লেষকদের মতে, এআই প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে থাকলেও অ্যাপল ভিন্ন কৌশল নিয়েছে। নতুন এআই সেবা তৈরির বদলে প্রতিষ্ঠানটি তাদের বিদ্যমান ডিভাইসগুলোকে আরও এআই কেন্দ্রিক করে তুলতে চায়।