সকল ব্যবহারকারীর জন্য জেমিনিতে নোটবুক উন্মুক্ত করেছে গুগল

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১৭:৩৫

সকল ব্যবহারকারীর জন্য জেমিনিতে নোটবুক উন্মুক্ত করেছে গুগল
ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনল গুগল। এবার তাদের জেমিনি প্ল্যাটফর্মে ‘নোটবুক’ ফিচার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আগে এটি শুধু নির্দিষ্ট ও অর্থপ্রদানকারী ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। এখন থেকে সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা নিতে পারবেন।

নতুন এই ফিচারের মাধ্যমে পড়াশোনা, গবেষণা এবং সৃজনশীল কাজ আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

গুগল জানায়, জেমিনির সাইড প্যানেলে ‘নোটবুক’ নামে নতুন একটি অংশ যুক্ত করা হয়েছে, যা ‘জেমস’ এবং ‘চ্যাটস’-এর উপরে দেখা যাবে। এই নোটবুক মূলত নোটবুকএলএম-এর ধারণার ওপর ভিত্তি করে তৈরি। এখানে ব্যবহারকারীরা তথ্য সাজিয়ে রাখা, সারসংক্ষেপ তৈরি করা এবং জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার সুযোগ পাবেন।

এই ফিচারের মাধ্যমে ভিডিও সারসংক্ষেপ, সংক্ষিপ্ত ব্যাখ্যা, তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা সম্ভব হবে। এতে বড় ও জটিল তথ্য দ্রুত বুঝতে সহায়তা মিলবে।

নোটবুক ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীর সব আলাপ, তথ্য এবং ফাইল এক জায়গায় রাখা। ফলে গবেষণা বা কোনো প্রকল্প নিয়ে দীর্ঘমেয়াদি কাজ করা আরও সংগঠিতভাবে করা যাবে। জেমিনির যেকোনো আলাপ তিন ডট মেনু ব্যবহার করে সরাসরি নোটবুকে যুক্ত করা যাবে।

আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, নোটবুক ভেতরে সংরক্ষিত সব তথ্য বিশ্লেষণ করে উত্তর দিতে পারে। এতে উত্তর আরও প্রাসঙ্গিক হয়। তবে চাইলে ব্যবহারকারী এই মেমোরি ফিচার বন্ধ রাখার সুযোগও পাবেন। পাশাপাশি নিজের প্রয়োজন অনুযায়ী লেখার ধরন ও কাঠামো নির্ধারণের সুবিধাও রয়েছে।

নোটবুকের ভেতরে উপরের অংশে তথ্যসূত্র দেখা যায় এবং নিচে সংরক্ষিত আলাপগুলো তালিকা আকারে থাকে। এতে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া সহজ হয়। একই সঙ্গে জেমিনির অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধাও এখানে ব্যবহার করা যাবে।

গুগল জানিয়েছে, বিনামূল্যের ব্যবহারকারীরা সর্বোচ্চ ৫০টি তথ্যসূত্র যুক্ত করতে পারবেন। উন্নত সাবস্ক্রিপশনের ক্ষেত্রে এই সীমা আরও বেশি। প্রো সংস্করণে ৩০০টি এবং আল্ট্রা পর্যায়ে সর্বোচ্চ ৬০০টি তথ্যসূত্র সংরক্ষণ করা যাবে।

বর্তমানে এই ফিচার ডেস্কটপ সংস্করণে চালু হয়েছে। তবে শিগগিরই মোবাইল এবং অন্যান্য প্ল্যাটফর্মেও এটি চালু করা হবে বলে জানিয়েছে গুগল।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন