মোবাইলে জিমেইলের নতুন নিরাপত্তা সুবিধা

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১৪:০৭

মোবাইলে জিমেইলের নতুন নিরাপত্তা সুবিধা
ছবি : ব্লিপিং কম্পিউটার

স্মার্টফোনে ই-মেইল যোগাযোগ আরও নিরাপদ করতে নতুন সুবিধা চালু করেছে গুগল। এখন থেকে মোবাইল ব্যবহারকারীরা সরাসরি জিমেইল অ্যাপ থেকেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা ব্যবহার করতে পারবেন। এতে ই-মেইল পাঠানো ও গ্রহণ দুটোই আরও সুরক্ষিত হবে, কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই।

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, তাদের জিমেইল অ্যাপে এখন অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু হয়েছে। বিশেষ করে করপোরেট ব্যবহারকারীরা এখন আলাদা কোনো টুল ছাড়াই নিরাপদভাবে ই-মেইল পাঠাতে ও পড়তে পারবেন।

নতুন এই ব্যবস্থায় এনক্রিপ্ট করা ই-মেইল সাধারণ বার্তার মতোই প্রাপকের ইনবক্সে পৌঁছাবে। যদি কেউ জিমেইল অ্যাপ ব্যবহার না করেন, তবে ওয়েব ব্রাউজারের মাধ্যমে যেকোনো ডিভাইস থেকেই বার্তাটি খোলা যাবে।

গুগল জানিয়েছে, এই সুবিধার মাধ্যমে প্রথমবারের মতো ব্যবহারকারীরা জিমেইল অ্যাপের মধ্যেই সরাসরি এনক্রিপ্ট করা ই-মেইল তৈরি ও পড়তে পারবেন। আলাদা কোনো অ্যাপ ইনস্টল বা মেইল পোর্টাল ব্যবহারের প্রয়োজন হবে না।

এই নিরাপত্তা সুবিধা মূলত ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এর ফলে ই-মেইল ও সংযুক্ত ফাইল ব্যবহারকারীর ডিভাইসেই এনক্রিপ্ট হয়ে যায়, সার্ভারে পাঠানোর আগেই। এতে গুগল বা অন্য কোনো তৃতীয় পক্ষের পক্ষে তথ্য দেখা সম্ভব হয় না।

গোপনীয় তথ্য সুরক্ষায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সংবেদনশীল করপোরেট যোগাযোগ, আর্থিক তথ্য ও ব্যক্তিগত বার্তা আরও নিরাপদ হবে।

নতুন সুবিধা ব্যবহার করতে ই-মেইল লেখার সময় লক আইকনে ক্লিক করে “অতিরিক্ত এনক্রিপশন” অপশন চালু করতে হবে। এটি চালু করলেই বার্তাটি এনক্রিপ্টেড আকারে পাঠানো হবে।

তবে এই সুবিধা মূলত নির্দিষ্ট লাইসেন্সধারী করপোরেট ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। প্রতিষ্ঠান পর্যায়ে প্রশাসকের মাধ্যমে এটি সক্রিয় করতে হবে গুগল ওয়ার্কস্পেস অ্যাডমিন কনসোল থেকে।

এর আগে ২০২২ সালে ওয়েব সংস্করণে পরীক্ষামূলকভাবে এবং ২০২৩ সালে বিভিন্ন গুগল সেবায় এই প্রযুক্তি যুক্ত করা হয়। পরবর্তীতে ২০২৫ সালে এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণ চালু হয়।

এবার মোবাইল সংস্করণে এই সুবিধা যুক্ত হওয়ায় জিমেইল ব্যবহার আরও নিরাপদ ও আধুনিক হলো। হয়।

সূত্র : ব্লিপিং কম্পিউটার

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন