পছন্দ বুঝে নিজেই ছবি বানাবে জেমিনির এআই

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৬

পছন্দ বুঝে নিজেই ছবি বানাবে জেমিনির এআই
ছবি : টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু নির্দেশনা মানে না, বুঝতেও শিখছে। ব্যবহারকারীর অভ্যাস, পছন্দ আর স্মৃতির সঙ্গে মিলিয়ে নিজে থেকেই তৈরি করছে ছবি। ফলে কম কথায় আরও ব্যক্তিগত অভিজ্ঞতা মিলবে এআই ব্যবহারে। প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য এটি হতে পারে এক নতুন আকর্ষণ।

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের জেমিনি প্ল্যাটফর্মে যুক্ত করেছে ‘ন্যানো বানানা’ চালিত ছবি তৈরির নতুন সুবিধা। এটি জেমিনির পার্সোনাল ইন্টেলিজেন্স ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে এবং ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষাপট বিশ্লেষণ করে ছবি তৈরি করবে।

নতুন এই সুবিধার বড় দিক হলো, আলাদা করে পছন্দ বা আগ্রহ জানাতে হবে না। আগে ব্যবহারকারীকে লিখতে হতো নিজের পছন্দ, যেমন খেলাধুলা বা সংগীতের প্রতি আগ্রহ। এখন শুধু একটি সাধারণ নির্দেশনাই যথেষ্ট। যেমন, ‘আমার স্বপ্নের বাড়ি তৈরি করো’ বললেই জেমিনি নিজে থেকেই ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী ছবি বানিয়ে দেবে।

এই প্রযুক্তি কার্যকর হচ্ছে কারণ জেমিনি আগে থেকেই ব্যবহারকারীর তথ্যের সঙ্গে সংযুক্ত থাকে। বিশেষ করে জিমেইল এবং গুগল ফটোস-এর মতো সেবার মাধ্যমে এটি ব্যবহারকারীর আচরণ, আগ্রহ ও স্মৃতির একটি সমন্বিত ধারণা তৈরি করে।

এ ছাড়া গুগল ফটোসে সংরক্ষিত ছবির লেবেলও ব্যবহার করা যাবে। যেমন ‘পরিবার’ বা নির্দিষ্ট কোনো দলের নাম। ফলে ব্যবহারকারী চাইলে বলতে পারবেন, ‘আমার পরিবারকে নিয়ে আমাদের প্রিয় কাজের একটি ছবি তৈরি করো’ এবং জেমিনি সেই অনুযায়ী প্রাসঙ্গিক ছবি তৈরি করবে।

স্বচ্ছতা বজায় রাখতে যুক্ত হয়েছে ‘সোর্স’ বাটন। এর মাধ্যমে ব্যবহারকারী দেখতে পারবেন কোন তথ্যের ভিত্তিতে ছবি তৈরি হয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কখনো কখনো এই প্রেক্ষাপট ভুল হতে পারে। সে ক্ষেত্রে ব্যবহারকারীরা সরাসরি মতামত জানাতে পারবেন।

এ ছাড়া ‘প্লাস’ আইকনের মাধ্যমে রেফারেন্স ছবি যুক্ত করার সুযোগ থাকছে, যা ছবি তৈরিকে আরও নির্ভুল ও ব্যক্তিগত করে তুলবে।

প্রাথমিকভাবে এই সুবিধা যুক্তরাষ্ট্রে প্লাস, প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য চালু হবে আগামী কয়েক দিনের মধ্যে। পরবর্তী সময়ে এটি ডেস্কটপ ব্রাউজার সংস্করণে জেমিনি এবং অন্যান্য ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পার্সোনাল ইন্টেলিজেন্স সুবিধা চালু করে গুগল। মার্চ মাসে এটি যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারত ও জাপানেও এর বিস্তৃতি ঘটানো হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন