শেষ হলো রাজধানীর তিন দিনের ব্রডব্যান্ড এক্সপো

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১৩:০৫

শেষ হলো রাজধানীর তিন দিনের ব্রডব্যান্ড এক্সপো
ছবি : মোবারক হোসেন

তিন দিনব্যাপী প্রযুক্তি মেলা ‘ব্রডব্যান্ড এক্সপো-২০২৬’-এর পর্দা নেমেছে গতকাল (বুধবার, ১৫ এপ্রিল)। ইন্টারনেট সেবা, তথ্যপ্রযুক্তি উদ্ভাবন এবং ডিজিটাল সেবার বিস্তার নিয়ে আয়োজিত এই মেলায় ছিল প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি। নানা ‍উদ্ভাবনী প্রজেক্টের স্টল, প্রদর্শনী, আজীবন সদস্যদের সম্মাননা প্রদান ও ব্যান্ড সঙ্গীত পরিবেশন ও মেজবান আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে  ব্রডব্যান্ড এক্সপো।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। আইএসপিএবি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আসুন, আমরা বসে কথা বলি। বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।’

মন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি জেলায় এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আসো, আমরা তোমাদের কথা শুনতে চাই। কোথায় সম্ভাবনা আছে, তা খুঁজে বের করতে চাই। সমস্যা থাকলে চিহ্নিত করে সমাধান করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম শহরের ওভারহেড ক্যাবল (ঝুলন্ত তার) অপসারণে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এ সমস্যার টেকসই বিকল্প সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন জানান, সরকার বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এগুলো হলো- কানেক্টিভিটি, ওয়ান সিটিজেন ওয়ান ডিজিটাল আইডেন্টিটি ও ডিজিটাল ওয়ালেট এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এনাবল বাংলাদেশ বিনির্মাণ ।

অনুষ্ঠানে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম দুটি দাবি তুলে ধরেন। তিনি বিভাগীয় আইএসপি লেয়ার অটুট রাখার পাশাপাশি আইএসপিকে ‘আইটি এনাবলড সার্ভিস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উত্থাপিত কিছু দাবি ইতিমধ্যে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারের (অব.) এমদাদ উল বারী, ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভুঞাঁ।

সোমবার (১৩ এপ্রিল) শুরু হওয়া ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬- এর আয়োজক ছিল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এক্সপো চলে বুধবার পর্যন্ত। ব্রডব্যান্ড এক্সপোর এবারের প্রতিপাদ্য ছিল ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার। মেলায় ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টলে ইন্টারনেট সেবা সম্পর্কিত সেবা, সলিশন্স প্রদর্শীত হয়।

এক্সপেরিয়েন্স জোন

ব্রডব্যান্ড এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটি ইত্যাদি ভিত্তিক ২৫টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে। এক্সপেরিয়েন্স জোনে সেসব দেখতে আসা দর্শনার্থীদের  ছিল উপচে পড়া ভীড়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন