ম্যাক ব্যবহারকারীদের জন্য আলাদা জেমিনি অ্যাপ এনেছে গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। এবার ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য আলাদা একটি জেমিনি অ্যাপ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এতে কাজের ফাঁকেই দ্রুত সহায়তা পাওয়া যাবে। দৈনন্দিন কাজ আরও গতিশীল করতে নতুন এই সুবিধা তরুণদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
গুগল জানিয়েছে, নতুন এই অ্যাপের মাধ্যমে ম্যাক ব্যবহারকারীরা খুব সহজে জেমিনি চালু করতে পারবেন। কিবোর্ডের অপশন ও স্পেস (Option + Space) একসঙ্গে চাপলেই যেকোনো সময় এটি ব্যবহার করা যাবে। এতে আলাদা করে অন্য কোনো ট্যাবে যেতে হবে না। কাজের মাঝেই প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে।
প্রতিষ্ঠানটির মতে, কেউ যদি বাজার বিশ্লেষণের প্রতিবেদন তৈরি করেন বা কোনো তারিখ যাচাই করতে চান, তখন সঙ্গে সঙ্গেই জেমিনির সহায়তা নেওয়া যাবে। আবার স্প্রেডশিটে বাজেট তৈরির সময় প্রয়োজনীয় সূত্রও জানিয়ে দিতে পারবে এটি। ফলে কাজের গতি বাড়বে এবং সময় সাশ্রয় হবে।
নতুন এই অ্যাপের একটি বড় সুবিধা হলো, ব্যবহারকারী তার স্ক্রিনে যা দেখছেন সেটি সরাসরি জেমিনির সঙ্গে শেয়ার করতে পারবেন। এমনকি নিজের কম্পিউটারে সংরক্ষিত ফাইলও এতে ব্যবহার করা যাবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ যদি জটিল কোনো চার্ট দেখেন, তাহলে সেটি বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় সংক্ষেপে জানিয়ে দিতে পারবে জেমিনি।
এ ছাড়া অ্যাপটিতে ছবি তৈরির সুবিধা যুক্ত হয়েছে ন্যানো বানানা প্রযুক্তির মাধ্যমে। পাশাপাশি ভিও প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরিও করা যাবে। ফলে সৃজনশীল কাজেও এটি নতুন সম্ভাবনা তৈরি করবে।
ম্যাক অপারেটিং সিস্টেমের ১৫ বা তার পরের সংস্করণ ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ বিশ্বজুড়ে উন্মুক্ত করা হয়েছে। আজ থেকেই নির্ধারিত ওয়েব ঠিকানা থেকে এটি ডাউনলোড করা যাচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগলের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এর আগে একই ধরনের ম্যাক অ্যাপ নিয়ে এসেছে ওপেনএআই ও অ্যানথ্রপিক। নতুন এই উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও সহজ ও দ্রুত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।