বন্ধ হচ্ছে আউটলুক লাইট, মূল অ্যাপে যেতে বলছে মাইক্রোসফট
মাইক্রোসফট তাদের হালকা সংস্করণের ই-মেইল অ্যাপ ‘আউটলুক লাইট’ বন্ধ করে দিচ্ছে। আগামী ২৬ মে থেকে অ্যাপটি আর ব্যবহারযোগ্য থাকবে না বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে। সীমিত স্টোরেজ ও ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপটি ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে।
২০২২ সালে চালু হওয়া ‘আউটলুক লাইট’ মূলত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছিল, যাতে কম ডেটা ব্যবহার করে সহজে ই-মেইল ব্যবহারের সুযোগ পাওয়া যায়। বিশেষ করে যেসব অঞ্চলে ইন্টারনেট গতি কম, সেসব ব্যবহারকারীর কথা মাথায় রেখে এটি আনা হয়েছিল।
এর আগে থেকেই অ্যাপটি বন্ধ করার পরিকল্পনা ছিল। গত বছর মাইক্রোসফট জানিয়েছিল, ২০২৫ সালের অক্টোবর থেকে এটি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে। এবার প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, আগামী মাসেই বিদ্যমান ব্যবহারকারীদের জন্যও অ্যাপটির কার্যকারিতা শেষ হয়ে যাবে।
মাইক্রোসফট ব্যবহারকারীদের নিরাপদ ও পূর্ণাঙ্গ অভিজ্ঞতার জন্য মূল ‘আউটলুক মোবাইল’ অ্যাপে স্থানান্তরের পরামর্শ দিয়েছে।
আউটলুক লাইট ব্যবহারকারীরা তাদের ই-মেইল, ক্যালেন্ডার এবং সংযুক্ত ফাইল নতুন অ্যাপে একই অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই ব্যবহার করতে পারবেন। পাশাপাশি গুগল প্লে স্টোর থেকে মূল আউটলুক অ্যাপ ডাউনলোড করার নির্দেশনাও দেওয়া হয়েছে।