এআইয়ের প্রভাবে ১ হাজার কর্মী ছাঁটাই করছে স্ন্যাপ
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতিকে কারণ দেখিয়ে বড় ধরনের ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্ন্যাপ। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ১৬ শতাংশ বা প্রায় ১ হাজার পূর্ণকালীন কর্মী ছাঁটাই করছে। কোম্পানির প্রধান নির্বাহী ইভান স্পিগেল এক অভ্যন্তরীণ বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান।
বার্তায় বলা হয়, দ্রুত এগিয়ে চলা এআই প্রযুক্তির কারণে অনেক পুনরাবৃত্তিমূলক কাজ এখন কম সময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে দলগুলোর কাজের গতি বেড়েছে এবং বিভিন্ন সেবা আরও কার্যকর করা যাচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কিছু খাতে দক্ষতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
স্ন্যাপ আরও জানিয়েছে, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ৩০০টিরও বেশি খালি পদও বন্ধ করে দিচ্ছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির পূর্ণকালীন কর্মী সংখ্যা ছিল প্রায় ৫ হাজার ২৬১ জন।
প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, এই ছাঁটাইয়ের ফলে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ নাগাদ তাদের বার্ষিক ব্যয় ৫০ কোটি ডলারের বেশি কমবে। এতে মুনাফার পথে অগ্রগতি আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
বিনিয়োগকারীদের জন্য দেওয়া এক উপস্থাপনায় স্ন্যাপ জানায়, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এখন দ্রুত ও লাভজনক প্রবৃদ্ধির দিকে মনোযোগ দিচ্ছে তারা। শক্তিশালী আর্থিক অবস্থান গড়তেই এই পুনর্গঠন প্রয়োজন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য চার মাসের বেতন, স্বাস্থ্যসেবা সুবিধা, শেয়ার ভেস্টিং এবং ট্রানজিশন সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কোম্পানিটি।
চলতি বছরে বড় আকারের ছাঁটাই করা প্রযুক্তি কোম্পানির তালিকায় যুক্ত হলো স্ন্যাপ। এর আগে মেটা, ওরাকল এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।