উন্নয়নশীল দেশে এআই সম্প্রসারণে বিশাল পরিকল্পনা মাইক্রোসফটের

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

উন্নয়নশীল দেশে এআই সম্প্রসারণে বিশাল পরিকল্পনা মাইক্রোসফটের
ছবি : রয়টার্স

মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, এই দশকের শেষ পর্যন্ত তারা উন্নয়নশীল দেশগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ছড়িয়ে দিতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। মাইক্রোসফটের তালিকা অনুযায়ী গ্লোবাল সাউথ হিসেবে পরিচিত দেশগুলো মূলত দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল ও মধ্য আয়ের দেশ।

এই ঘোষণা এসেছে ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত এআই সামিটে। এই সামিটে বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানির কর্মকর্তারা অংশ নেন এবং বিভিন্ন দেশের নেতা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন।

মাইক্রোসফট গত বছর ভারতে ১৭.৫ বিলিয়ন ডলারের এআই বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। এ ধরনের বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুত বর্ধনশীল ডিজিটাল বাজারে শক্ত অবস্থান তৈরি করতে চায়। মাইক্রোসফটের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিনিয়োগের মাধ্যমে শিক্ষায়, স্বাস্থ্যসেবা ও ব্যবসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হবে।

বিশ্লেষকরা বলছেন, উন্নয়নশীল দেশে এ ধরনের বিনিয়োগ প্রযুক্তি ও অর্থনীতির ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে স্থানীয় শিল্পকেও এআই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা সম্ভব হবে। মাইক্রোসফটের এই পদক্ষেপটি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই প্রসারের একটি নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন