আইওএস-এ বার্তার গোপনীয়তায় কঠোর হচ্ছে অ্যাপল
অ্যাপল তাদের নতুন ডেভেলপার বেটা সংস্করণে আইওএস ২৬.৪, আইপ্যাডওএস ২৬.৪ এবং ম্যাকওএস ২৬.৪-এ আরসিএস বার্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন পরীক্ষা শুরু করেছে। এখন থেকে বার্তা পাঠানোর সময় কেউ মাঝপথে তা পড়তে পারবে না।
বর্তমানে এই সুবিধা পরীক্ষামূলকভাবে শুধু অ্যাপল ডিভাইসের মধ্যে চালু রয়েছে। ব্যবহারকারীরা বার্তা চ্যাটে ‘লক’ আইকন দেখতে পাবেন, যা নির্দেশ করবে বার্তাটি সম্পূর্ণ সুরক্ষিত। অন্য প্ল্যাটফর্ম, যেমন অ্যান্ড্রয়েডে পাঠানো বার্তায় এই এনক্রিপশন কার্যকর হবে না।
এই সুবিধা চালু করতে অ্যাপল জিএসএম অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করছে। আরসিএস ইউনিভার্সাল প্রোফাইল ৩.০ সংস্করণে বার্তা সম্পাদনা, মুছে ফেলা এবং নির্দিষ্ট বার্তার উত্তরে সরাসরি প্রতিক্রিয়া দেওয়ার সুবিধা যুক্ত করা হয়েছে। আগে অ্যাপল ২.৪ সংস্করণ ব্যবহার করত।
ডেভেলপাররা নতুন বেটা সংস্করণে একটি টগল পাবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। টগল সক্রিয় থাকলে তারা আরসিএস বার্তায় সম্পূর্ণ এনক্রিপশন পরীক্ষা করতে পারবেন। প্রথম ধাপে সুবিধাটি শুধুমাত্র অ্যাপল ডিভাইসেই কার্যকর হবে।
অ্যাপল জানিয়েছে, পরীক্ষা ধাপে ধাপে করা হবে। সব ব্যবহারকারীর জন্য সঙ্গে সঙ্গে সুবিধা পাওয়া যাবে না। ভবিষ্যতে আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মধ্যে ক্রস-প্ল্যাটফর্ম নিরাপদ বার্তা বিনিময়ও পরীক্ষা করা হবে।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বার্তাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন। পরীক্ষামূলক পর্যায়ে হলেও এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এক নিরাপত্তা ব্যবস্থা।
সূত্র : ম্যাক রিউমার্স ডটকম