২০২৬ সালে তরুণদের স্মার্টফোনে থাকা চাই যে ১০ অ্যাপ
স্মার্টফোনের দুনিয়ায় আমরা প্রতিদিন অসংখ্য অ্যাপ ইনস্টল করি। তবে এর বড় একটি অংশই অব্যবহৃত পড়ে থাকে। ২০২৬ সালে এসে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে ভালো অ্যাপ খুঁজে পাওয়া এখন বেশ চ্যালেঞ্জিং।
সাধারণত আমরা ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামের বাইরে খুব বেশি অ্যাপের খোঁজ রাখি না। তবে এমন কিছু অসাধারণ অ্যাপ রয়েছে যা আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ ও গতিশীল করতে পারে। আজকের আয়োজনে আমরা পরিচয় করিয়ে দেব এমন ১০টি অ্যাপের সাথে, যা আপনার ফোনের অপরিহার্য অংশ হয়ে উঠবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য-
ভলিউম স্ক্রল (Volume Scroll)
বড় স্ক্রিনের ফোনে আঙ্গুল দিয়ে স্ক্রল করা অনেক সময় কষ্টকর হয়। এই অ্যাপের মাধ্যমে আপনি ফোনের ভলিউম বাটন ব্যবহার করেই যেকোনো ওয়েব পেজ বা সোশ্যাল মিডিয়া ফিড স্ক্রল করতে পারবেন। এটি হাতের আঙ্গুলের ওপর বাড়তি চাপ কমায়। এর ফ্রি ভার্সনের পাশাপাশি উন্নত ফিচারের জন্য সাবস্ক্রিপশন সুবিধা রয়েছে।

কুইক কার্সর (Quick Cursor)
এক হাতে বড় ফোন ব্যবহারের সমস্যা সমাধান করবে এই অ্যাপ। এটি স্ক্রিনে একটি কম্পিউটার স্টাইল কার্সর যোগ করে। ফলে হাতের বুড়ো আঙ্গুল দিয়েই স্ক্রিনের একদম উপরের অংশে অনায়াসে ক্লিক করা যায়। এর ফ্রি ভার্সনে কার্সরের গতি ও আকার কাস্টমাইজ করার সুযোগ আছে।

স্ক্রিনক্রাফট ৪কে ওয়ালপেপার (Screencraft)
যারা ফোনের লুক নিয়ে শৌখিন, তাদের জন্য এটি সেরা অ্যাপ। এতে অতি উচ্চ মানের ৪কে রেজোলিউশনের ওয়ালপেপার পাওয়া যায়। অ্যাপটির ইন্টারফেস খুবই ঝরঝরে এবং এতে মোশন প্যারালাক্সের মতো আধুনিক সুবিধা রয়েছে।

ওয়েবলো (Weblo)
এটি মূলত একটি প্রাইভেসি ফোকাসড বা ব্যক্তিগত সুরক্ষা নির্ভর ওয়েব লঞ্চার। এতে একসাথে একাধিক ওয়েব অ্যাপ চালানো যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি ইউটিউব বা অন্য ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে সাহায্য করে। এছাড়া অফলাইনে আর্টিকেল পড়ার জন্য এতে পেজ কিপার ফিচার রয়েছে।

ওমনিটুলস (OmniTools)
এটিকে বলা হয় ডিজিটাল জগতের সুইস আর্মি নাইফ। একটি অ্যাপের ভেতরেই আপনি পাবেন কারেন্সি কনভার্টার, বিল স্প্লিটার এবং নয়েজ মিটারের মতো প্রয়োজনীয় সব টুল। এটি ওজনে খুব হালকা এবং ইন্টারনেট ছাড়াই অফলাইনে কাজ করে।

আইফোন বা আইওএস ব্যবহারকারীদের জন্য-
এডিটর প্রো (Editor Pro)
আইফোনে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে এই অ্যাপের জুড়ি নেই। এতে কোনো জলছাপ বা ওয়াটারমার্ক ছাড়াই ৪কে ভিডিও এক্সপোর্ট করা যায়। ফিল্টার, ইফেক্ট এবং সাউন্ড লাইব্রেরির বিশাল সংগ্রহ রয়েছে এই অ্যাপটিতে।

র্যান্ডম ওয়ালপেপার ৮কে (Random Wallpaper 8K)
আইফোনের হোম স্ক্রিনকে আকর্ষণীয় করতে এতে এক হাজারেরও বেশি উচ্চ মানের ওয়ালপেপার রয়েছে। নতুন এবং টপ রেটেড ক্যাটাগরিতে ভাগ করা ওয়ালপেপারগুলো থেকে আপনি সহজেই পছন্দমতো ছবি বেছে নিতে পারবেন।

ক্রসফেড (Crossfade)
বন্ধুদের সাথে গান শেয়ার করার ক্ষেত্রে এটি দারুণ একটি সমাধান। আপনি স্পোটিফাই বা অ্যাপল মিউজিক যে প্ল্যাটফর্মই ব্যবহার করেন না কেন, এটি সব মিউজিক অ্যাপের লিঙ্ক একসাথে সিঙ্ক করতে পারে। এটি অত্যন্ত হালকা এবং ব্যবহার করা খুব সহজ।

পিডিএফ ফক্স (PDF Fox)
পিডিএফ ফাইল ম্যানেজ বা এডিট করার জন্য এটি একটি চমৎকার ফ্রি অ্যাপ। ইন্টারনেট ছাড়াই আপনি ফাইল মার্জ, স্প্লিট বা কম্প্রেস করতে পারবেন। এতে আলাদা করে কোনো অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই।

ডায়নামিক লিরিকস (Dynamic Lyrics)
যারা গান গাইতে ভালোবাসেন তাদের জন্য এই অ্যাপ। এটি সরাসরি ফোনের লক স্ক্রিনে গানের কথা বা লিরিকস প্রদর্শন করে। মিউজিক অ্যাপের সাথে এটি রিয়েল টাইমে কাজ করে এবং ডায়নামিক আইল্যান্ডেও সাপোর্ট করে।

সূত্র : ক্ল্যাশগিয়ার