অ্যাপ স্টোরের মুনাফা বাড়াতে গিয়ে চাপ বাড়ছে অ্যাপলের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৭

অ্যাপ স্টোরের মুনাফা বাড়াতে গিয়ে চাপ বাড়ছে অ্যাপলের

অ্যাপ স্টোরের মুনাফা বাড়াতে নতুন কৌশল নিচ্ছে অ্যাপল। তবে এই উদ্যোগে সরকারি সংস্থা ও অ্যাপ নির্মাতাদের সঙ্গে বিরোধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাপ স্টোরের দায়িত্বে থাকা দীর্ঘদিনের এক শীর্ষ কর্মকর্তা পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাস ও সেবাবিষয়ক প্রধান এডি কিউ অ্যাপ স্টোরের মুনাফা বাড়াতে চান। একই সঙ্গে তারা নিয়মিত আয় বাড়ানোর নতুন পথ খুঁজছেন।

অ্যাপ স্টোর পরিচালনা এবং লেনদেন থেকে অ্যাপলের নেওয়া অর্থের হার নিয়ে দীর্ঘদিন ধরেই অ্যাপ নির্মাতাদের সমালোচনা রয়েছে। এ নিয়ে অ্যাপলের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।

পদ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া ওই কর্মকর্তা মনে করেন, অ্যাপ স্টোর থেকে আরও বেশি মুনাফা নেওয়ার চেষ্টা করলে সরকারি সংস্থা ও অ্যাপ নির্মাতাদের সঙ্গে অ্যাপলের বিরোধ আরও বাড়তে পারে। তাই ভবিষ্যতের এই কৌশলের সঙ্গে নিজেকে জড়াতে চাননি তিনি।

তবে অ্যাপলের নতুন পরিকল্পনা নিয়ে প্রধান নির্বাহী জন টার্নাস ও এডি কিউয়ের সঙ্গে তার বড় কোনো বিরোধ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো এবং জনকল্যাণমূলক কাজে যুক্ত হওয়ার ইচ্ছাও তার পদ ছাড়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।

অ্যাপলের ওই কর্মকর্তা প্রতিষ্ঠানটি পুরোপুরি ছাড়ছেন না। তিনি অ্যাপল ফেলো হিসেবে বিভিন্ন প্রকল্পে কাজ চালিয়ে যাবেন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন