আইফোন ১৮ প্রোতে বড় চমক আসতে পারে ক্যামেরা ও প্রসেসরে

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪

আইফোন ১৮ প্রোতে বড় চমক আসতে পারে ক্যামেরা ও প্রসেসরে
ছবি : ফোর্বস

নতুন প্রজন্মের আইফোন নিয়ে আগ্রহ এখন তুঙ্গে। প্রযুক্তিপ্রেমী তরুণদের নজর মূলত ক্যামেরা ও পারফরম্যান্সে। নতুন ফাঁস হওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে, আইফোন ১৮ প্রো সিরিজে বাহ্যিক নকশায় বড় পরিবর্তন না এলেও ভেতরের প্রযুক্তিতে থাকতে পারে বড় আপগ্রেড।

বিশেষ করে প্রসেসর ও ক্যামেরা উন্নয়নই হতে যাচ্ছে এই সিরিজের প্রধান আকর্ষণ।

ফোর্বস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে উন্মোচন হতে পারে অ্যাপলের আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। তবে ডিজাইনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ, আইফোন ১৭ সিরিজ বাজারে বেশ সফল হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় নতুন মডেলেও প্রায় একই নকশা বজায় রাখতে পারে অ্যাপল।

চীনের উইবো প্ল্যাটফর্মের পরিচিত তথ্যফাঁসকারী ফিক্সড ফোকাস ডিজিটাল জানিয়েছে, আইফোন ১৭ সিরিজের বিক্রি এতটাই ভালো হয়েছে যে অ্যাপল এতে সন্তুষ্ট। ফলে আইফোন ১৮ সিরিজে বড় নকশা পরিবর্তনের বদলে সীমিত পরিবর্তন রাখা হতে পারে।

তবে প্রসেসরে আসছে বড় উন্নয়ন। নতুন আইফোন ১৮ সিরিজে ব্যবহৃত হতে পারে এ২০ ও এ২০ প্রো প্রসেসর। এই নতুন প্রসেসরই হতে পারে পুরো সিরিজের সবচেয়ে বড় আপডেট। এতে গতি ও পারফরম্যান্স বাড়বে উল্লেখযোগ্যভাবে।
ক্যামেরাতেও নতুনত্ব আসার সম্ভাবনা রয়েছে। মূল ক্যামেরায় যুক্ত হতে পারে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা যাবে। ফলে কম আলোতেও ভালো ছবি তোলা সম্ভব হবে এবং ছবি তোলায় বাড়বে নমনীয়তা। প্রতিদ্বন্দ্বী কিছু স্মার্টফোনে এই সুবিধা থাকলেও অ্যাপলের জন্য এটি হবে নতুন সংযোজন।

এ ছাড়া আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সে নতুন টেলিফটো ক্যামেরা যুক্ত হতে পারে। এতে বড় অ্যাপারচার ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। এতে সেন্সরে বেশি আলো প্রবেশ করবে, কম আলোতে ছবি উন্নত হবে এবং ইমেজ নয়েজ নিয়ন্ত্রণ সহজ হবে।

অ্যাপল সাধারণত প্রতি বছর বড় ডিজাইন পরিবর্তন করে না। একটি প্রজন্মে বড় পরিবর্তন এলে পরের প্রজন্মে ভেতরের প্রযুক্তিতে জোর দেয় প্রতিষ্ঠানটি। আইফোন ১৭ প্রো সিরিজে যুক্ত হওয়া ভেপর চেম্বার কুলিং প্রযুক্তি সাধারণ আইফোন ১৮ মডেলেও আসতে পারে। তবে নিয়মিত মডেলটি ২০২৭ সালের বসন্তে উন্মোচন হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এ ছাড়া আগের সিরিজের আলোচিত দুই রঙের পেছনের নকশা বাদ দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে অ্যালুমিনিয়াম ও কাচের সমন্বয় থাকলে রঙের পার্থক্য পুরোপুরি বাদ দেওয়া কঠিন। নতুন সিরিজে রঙের পরিবর্তন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

আইফোন ১৮ প্রো সিরিজ নিয়ে আরও তথ্য সামনে এলে স্পষ্ট ধারণা মিলবে। প্রযুক্তিপ্রেমী তরুণদের চোখ এখন অ্যাপলের পরবর্তী ঘোষণার দিকেই।

সূত্র : ফোর্বস

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন