নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আর্থিক লেনদেনে অনিয়ম ও টাকার অপব্যবহার ঠেকাতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় অস্থায়ী নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ইতোমধ্যে (রোববার, ৮ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে) শুরু হয়ে নির্বাচন শেষে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা চার দিন ব্যাংক অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানোর সুবিধা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ রোববার এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক ও সেবা প্রদানকারীদের কাছে নির্দেশনা পাঠিয়েছে।
নির্দেশনায় জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমএফএস ও এনপিএসবির আওতায় আইবিএফটি ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ লেনদেনের সম্ভাব্য অপব্যবহার রোধে আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে বলা হয়েছে। একই সময়ে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে এই ৯৬ ঘণ্টা পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং, অর্থাৎ আইবিএফটি-নির্ভর ব্যক্তি পর্যায়ের লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্বাচন চলাকালে প্রয়োজনে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।