মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক, নিয়ন্ত্রণ নিয়েছে মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯

মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক, নিয়ন্ত্রণ নিয়েছে মেটা

মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। তবে প্রয়োজনীয় নিরাপত্তা প্রক্রিয়া শেষে অ্যাকাউন্টটি মাছরাঙা টেলিভিশনের কাছে হস্তান্তরের বিষয়ে মেটার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং আপত্তিকর ভিডিও প্রকাশের বিষয়টি জানতে পারে প্রতিষ্ঠানটি। এরপর তাৎক্ষণিকভাবে মেটার সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করা হয়। কয়েক দফা আলোচনার পর ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে মেটা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেয়।

একই দিন বিকেল ৫টার দিকে মেটা ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহযোগিতায় সব আপত্তিকর কনটেন্ট সরিয়ে নেওয়া সম্ভব হয় বলে জানিয়েছে মাছরাঙা টেলিভিশন।

এ ঘটনায় গত ১৩ অক্টোবর সকাল ৯টায় ই-মেইল ও ফোনের মাধ্যমে গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় প্রতিষ্ঠানটি। একই দিন সকাল ১০টার দিকে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ১৫ অক্টোবর বিকেলে থানা পুলিশ ঘটনাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগে হস্তান্তর করে।

জিডির কপি সংযুক্ত করে বিটিআরসি চেয়ারম্যানের কাছেও আবেদন করে মাছরাঙা টেলিভিশন। এ ছাড়া গত ১৭ অক্টোবর বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। এ সময় বিভিন্ন সামাজিক মাধ্যমে দুই স্বনামধন্য অভিনেত্রী ও মাছরাঙা টেলিভিশনকে নিয়ে প্রকাশিত আপত্তিকর ও বিভ্রান্তিমূলক কনটেন্ট সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে লিখিত আবেদন করা হয়। বিটিআরসি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে মাছরাঙা টেলিভিশন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার আইনি প্রতিকার পাওয়ার চেষ্টা চলছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন