সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের আদালতের একাধিক অনলাইন সেবা বন্ধ
সাইবার নিরাপত্তা–সংক্রান্ত ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল দেউলিয়া আদালতের একাধিক অনলাইন সেবা বন্ধ হয়ে গেছে। আদালতের ঠিকাদারি প্রতিষ্ঠান বিএই সিস্টেমসের পরিচালিত ব্যবস্থায় এ ঘটনা ঘটেছে। এর ফলে দেউলিয়া মামলার নোটিশ তৈরি ও বিতরণও বন্ধ রয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আদালত প্রশাসন কার্যালয় (এওসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচার বিভাগের হয়ে বিএই সিস্টেমসের মার্কিন সহযোগী প্রতিষ্ঠান দেউলিয়া আদালতের নোটিশ সেন্টারের (বিএনসি) বিভিন্ন ব্যবস্থা ও ওয়েবসাইট পরিচালনা করে।
এওসি জানিয়েছে, বিএনসির ব্যবস্থাপনায় প্রবেশ এবং প্রতিষ্ঠানটির পরিচালিত ওয়েবসাইটগুলো ব্যবহার করা যাচ্ছে না। এর ফলে দেউলিয়া আদালতের নোটিশ-সংক্রান্ত কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। দেশটির সব ফেডারেল দেউলিয়া আদালতের জন্য নোটিশ তৈরি ও পাঠানোর দায়িত্ব পালন করে বিএনসি।
বিএই সিস্টেমসের এক মুখপাত্র শুক্রবার জানান, প্রতিষ্ঠানটি বিএনসি ব্যবস্থায় সীমাবদ্ধ একটি নিরাপত্তা ঘটনার বিষয়ে অবগত রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সমস্যা সমাধানে আদালত প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের আদালত প্রশাসন কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, বিএই সিস্টেমস ঘটনাটি তদন্ত করছে এবং সেবা পুনরায় চালু করার চেষ্টা করছে। তবে অনলাইন সেবাগুলো কখন পুরোপুরি চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
ঘটনায় বিএনসির কয়েকটি ওয়েবসাইট এবং ন্যাশনাল ক্রেডিটর রেজিস্ট্রেশন সার্ভিস প্রভাবিত হয়েছে। এর পাশাপাশি দেউলিয়া আদালতের নোটিশ তৈরি ও বিতরণও বন্ধ রয়েছে।