উইন্ডোজ ১১-তে কালো স্ক্রিন সমস্যার সমাধান দিয়েছে মাইক্রোসফট
কম্পিউটারে লগ-ইন করার পর কালো স্ক্রিন দেখানোর সমস্যা সমাধানে উইন্ডোজ ১১-এর নতুন আপডেট প্রকাশ করেছে মাইক্রোসফট। KB5127648 নম্বরের এই আপডেট উইন্ডোজ ১১-এর ২৪এইচ২, ২৫এইচ২ ও ২৬এইচ২ সংস্করণের জন্য পাওয়া যাচ্ছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যাটি মূলত একাধিক ব্যবহারকারীর পরিবেশে দেখা দিত। বিশেষ করে অ্যাজুর ভার্চ্যুয়াল ডেস্কটপ ও এফএসলগিক্সের মতো ব্যবস্থায় লগ-ইনের পর উইন্ডোজ এক্সপ্লোরার চালু হতে ব্যর্থ হতো অথবা বারবার বন্ধ হয়ে যেত। ফলে ডেস্কটপ লোড না হয়ে কালো স্ক্রিন দেখা যেত।
মাইক্রোসফটের প্রকাশিত আপডেটের বিবরণ অনুযায়ী, উইন্ডোজ এক্সপ্লোরারের এই ত্রুটি সমাধান করা হয়েছে। গত আগস্টের উইন্ডোজ আপডেটের পর সমস্যাটি সামনে আসে। তবে ত্রুটিটির কারিগরি কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
অক্টোবরের এই আপডেটে আরও কিছু সমস্যার সমাধান ও উন্নয়ন রয়েছে। এর মধ্যে কিছু গেম খেলার সময় মাউসের নড়াচড়ায় বিলম্ব বা ঝাঁকুনির সমস্যা দূর করা এবং ব্লুটুথ সংযোগের নির্ভরযোগ্যতা বাড়ানোর বিষয় রয়েছে। পাশাপাশি কোপাইলটের নির্দিষ্ট কী পুনর্নির্ধারণের সুবিধাও যুক্ত হয়েছে।
লগ-ইনের পর কালো স্ক্রিনের সমস্যায় পড়লে উইন্ডোজ ১১-এর সর্বশেষ আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে মূল ত্রুটিটি যেহেতু একাধিক ব্যবহারকারীর পরিবেশে বেশি দেখা গেছে, তাই সব ব্যবহারকারীর কম্পিউটারে একই সমস্যা হওয়ার আশঙ্কা নেই।