গুগল-অ্যামাজন-নেটফ্লিক্সসহ ৩৫০ কোটি অনলাইন অ্যাকাউন্টের তথ্য ফাঁস
গুগল, অ্যামাজন, নেটফ্লিক্স, পেপ্যাল ও ফেসবুকসহ জনপ্রিয় বিভিন্ন অনলাইন সেবার প্রায় ৩৫০ কোটি অ্যাকাউন্টের লগইন তথ্য ফাঁস হয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে ই-মেইল ঠিকানা, ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড। কিছু ক্ষেত্রে ব্রাউজারের কুকি, সেশন টোকেন ও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের তথ্যও পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিবিষয়ক সাময়িকী ও অনলাইন সংবাদমাধ্যম পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা গবেষকেরা পৃথক দুটি উন্মুক্ত তথ্যভান্ডারে এসব তথ্য শনাক্ত করেছেন। এর মধ্যে একটিতে প্রায় ২০০ কোটি লগ-ইন তথ্য রয়েছে। অন্যটিতে মূলত চীনের নাগরিকদের ১৬৪ কোটি রেকর্ড পাওয়া গেছে। তথ্যভান্ডার দুটি পাসওয়ার্ড ছাড়াই উন্মুক্ত ছিল এবং একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই।
নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলারের শনাক্ত করা বড় তথ্যভান্ডারটিতে অ্যামাজন, ডিসকর্ড, ফেসবুক, গুগল, নেটফ্লিক্স ও পেপ্যালসহ বিভিন্ন সেবার লগইন তথ্য রয়েছে। এতে ৮ হাজার ৪৭১টি ফোল্ডার এবং প্রায় চার লাখ নথি পাওয়া গেছে। এসব নথিতে ব্যবহারকারীদের যন্ত্র ও অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য আলাদাভাবে সাজানো ছিল।
ফাউলারের ভাষ্য অনুযায়ী, কিছু নথিতে ব্রাউজারের কুকি, সেশন টোকেন, স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা তথ্য, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের বিবরণ এবং যন্ত্রের তথ্যও ছিল। এসব তথ্য একত্রে ব্যবহারকারীর ডিজিটাল জীবন সম্পর্কে অপরাধীদের বিস্তারিত ধারণা দিতে পারে।
ফাঁস হওয়া তথ্যের সবচেয়ে বড় অংশ গুগল অ্যাকাউন্টের। এ ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যামাজন, পেপ্যাল, নেটফ্লিক্স, স্পটিফাই, ইউটিউব ও মাইক্রোসফটের লগইন তথ্যও রয়েছে। অ্যাপল, টিকটক ও এক্সের তথ্য তুলনামূলক কম পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপের লগইন তথ্যের পরিমাণও কম।

গবেষকদের ধারণা, এসব তথ্য কোনো প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে চুরি করা হয়নি। বরং ইনফোস্টিলার ম্যালওয়্যার ব্যবহার করে ব্যবহারকারীদের ব্যক্তিগত যন্ত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ধরনের ক্ষতিকর সফটওয়্যার পাসওয়ার্ডসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য চুরি করতে পারে।
তথ্যভান্ডার দুটির বিষয়ে সংশ্লিষ্ট হোস্টিং সেবাদাতাদের জানানোর পর সেগুলোতে প্রবেশ বন্ধ করা হয়েছে। তবে কারা তথ্যভান্ডার দুটি তৈরি করেছে, সে বিষয়ে কোনো সূত্র পাওয়া যায়নি।
এ ধরনের তথ্য চুরির ঝুঁকি কমাতে কম্পিউটারের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।