বড় ব্যাটারি ও ১১.৫ ইঞ্চির উন্নত ডিসপ্লেতে নতুন ট্যাবলেট আনল অনার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৪:৪১

বড় ব্যাটারি ও ১১.৫ ইঞ্চির উন্নত ডিসপ্লেতে নতুন ট্যাবলেট আনল অনার

৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ২.৫কে রেজল্যুশনের ১২০ হার্টজ ডিসপ্লে ও ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধার নতুন ট্যাবলেট উন্মোচন করেছে অনার। প্যাড জেড৬বি নামের ট্যাবলেটটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড ১৬।

জার্মানের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নোটবুকচেকের প্রতিবেদন অনুযায়ী, অনারের সৌদি আরবের ওয়েবসাইটে ট্যাবলেটটি তালিকাভুক্ত করা হয়েছে। তবে এর দাম ও বাজারে আসার তারিখ এখনো জানানো হয়নি।

ট্যাবলেটটিতে রয়েছে ১১.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এর রেজল্যুশন ২৫০৮ × ১৫০৪ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিট। চোখের সুরক্ষায় এতে টিইউভি রাইনল্যান্ডের স্বল্প নীল আলো ও ঝলকানিমুক্ত প্রযুক্তি রয়েছে।

৬ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ। এতে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

ব্যাটারির সক্ষমতা ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। অনারের নিজস্ব চার্জার ও কেবল দিয়ে সর্বোচ্চ ৪৫ ওয়াট ক্ষমতায় চার্জ করা যাবে। প্রতিষ্ঠানটির দাবি, স্ট্যান্ডবাই অবস্থায় একবার চার্জে সর্বোচ্চ ৭০ দিন চালু থাকতে পারে ট্যাবলেটটি।

অ্যালুমিনিয়ামের তৈরি ট্যাবলেটটির পুরুত্ব ৬.৭৭ মিলিমিটার এবং ওজন ৪৭৫ গ্রাম। এতে চারটি স্পিকার, ৮ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা রয়েছে। সংযোগের জন্য থাকছে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.১ ও ইউএসবি-সি।

অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ম্যাজিকওএস ১০-এ চলবে ট্যাবলেটটি। এতে সমর্থিত অনার স্মার্টফোনের সঙ্গে ফাইল আদান-প্রদান, নোটিফিকেশন সমন্বয় এবং কথাকে লেখায় রূপান্তরের সুবিধা রয়েছে। ধূসর রঙে পাওয়া যাবে প্যাড জেড৬বি। তবে অন্যান্য বাজারে কবে আসবে, তা জানায়নি প্রতিষ্ঠানটি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন