রোবোট্যাক্সি সেবায় উবার থেকে সরে আসতে চায় ওয়েমো
স্বয়ংচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েমো রাইড শেয়ারিং সেবা প্রদানকারী উবারের সঙ্গে তাদের অংশীদারত্ব থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালফাবেটের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি নিজেদের রোবোট্যাক্সি সেবা আরও স্বাধীনভাবে পরিচালনার দিকে এগোচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের দুইটি শহরে উবারের প্ল্যাটফর্মে ওয়েমোর রোবোট্যাক্সি সেবা চালু রয়েছে। তবে ওয়েমো ইতোমধ্যে উবারকে জানিয়েছে, ২০২৮ সালের জানুয়ারি থেকে তারা নিজস্ব অ্যাপের মাধ্যমেও এসব শহরে রোবোট্যাক্সি চালু করতে চায়। উবারের তথ্য অনুযায়ী, অস্টিন ও আটলান্টা নিয়ে দুই প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৮ সালের মে মাসে।
এর আগে চলতি বছরের শুরুতেই ফিনিক্স শহরে ওয়েমো ও উবারের অংশীদারত্বের ইতি ঘটে।
ওয়েমোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়ার ইঙ্গিত মিলেছে।
চলতি বছরের শুরুতে উবারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা প্রভীন নেপ্পালি একটি ভিডিও প্রকাশ করে ওয়েমোর একটি রোবোট্যাক্সির আচরণকে অনিরাপদ ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন। এরপর মে মাসে উবারের প্রধান নির্বাহী আয় সংক্রান্ত এক আলোচনায় স্কুল এলাকা ও জরুরি পরিস্থিতিতে রোবোট্যাক্সির আচরণ নিয়ে পরোক্ষ সমালোচনা করেন।
অন্যদিকে, রোবোট্যাক্সি সংক্রান্ত নীতিমালা ও নিয়ন্ত্রণের প্রশ্নেও সাম্প্রতিক সময়ে ওয়েমো ও উবারকে ভিন্ন অবস্থানে দেখা গেছে। ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।