লিংকডইন প্রোফাইল আপডেটে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ে
বর্তমানে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সঠিক প্রোফাইল এবং দক্ষতা প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক তরুণ জানে না, লিংকডইনে প্রোফাইল ঠিকভাবে সাজালেই নিয়োগকর্তাদের নজরে আসা সহজ হয়। সঠিক ছবি, আকর্ষণীয় হেডলাইন, দক্ষতা এবং সুপারিশের মাধ্যমে চাকরির সম্ভাবনা অনেক বেড়ে যায়।
লিংকডইনে প্রোফাইল সঠিকভাবে সাজাতে কয়েকটি কৌশল অবলম্বন করা যেতে পারে। চলুন কৌশলগুলো সম্পর্কে জেনে নিই-
প্রোফাইল ছবি ও ব্যানার দিয়ে দৃষ্টি আকর্ষণ করুন
প্রোফাইলের ছবি বাস্তব চেহারার হওয়া উচিত। ব্যানার ছবি ব্যক্তিগত ব্র্যান্ডের অংশ, তাই সাধারণ ছবি নয়, এমন ছবি ব্যবহার করুন যা আপনার আগ্রহ ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে।
কীওয়ার্ড সমৃদ্ধ হেডলাইন লিখুন
হেডলাইন শুধুমাত্র চাকরির শিরোনাম নয়। এতে আপনার দক্ষতা, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড এবং ব্যক্তিগত বৈশিষ্ট্য তুলে ধরা উচিত। ২২০ অক্ষরের মধ্যে আপনার বিশেষত্ব এবং অর্জন সংক্ষেপে উল্লেখ করুন।
‘আমার সম্পর্কে’ অংশে নিজের গল্প বলুন
আপনার শিক্ষাগত ও পেশাগত প্রেক্ষাপট, লক্ষ্য এবং আগ্রহ সংক্ষেপে লিখুন। কেন এই ক্ষেত্র বেছে নিয়েছেন এবং ভবিষ্যতে কোন প্রজেক্টে অবদান রাখতে চান, তা পরিষ্কারভাবে উল্লেখ করুন। সংযোগের আহ্বানও রাখুন।
দক্ষতা প্রদর্শন করুন
কমপক্ষে পাঁচটি মূল দক্ষতা তালিকাভুক্ত করুন। প্রাসঙ্গিক কোর্স, লাইসেন্স, প্রকল্প এবং মিডিয়া ফাইল সংযুক্ত করলে নিয়োগকর্তারা আরও ভালো ধারণা পান।
সুপারিশ সংগ্রহ করুন
প্রাক্তন শিক্ষক, সহকর্মী বা সুপারভাইজারের সুপারিশ নিন। কমপক্ষে তিনটি সুপারিশ থাকলে প্রমাণ হয় আপনার দক্ষতা ও কাজের মান। বার্তা ব্যক্তিগতকরণ করলে প্রভাব আরও বাড়ে।
নেটওয়ার্ক তৈরি করুন
আপনার ই-মেইল তালিকা ব্যবহার করে নেটওয়ার্ক বাড়ান। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বাড়ান। যোগাযোগে ব্যক্তিগত বার্তা ব্যবহার করুন।
গ্রুপে যোগ দিন এবং অংশগ্রহণ করুন
শিল্পভিত্তিক গ্রুপে যোগ দিয়ে আলোচনা ও মতামত শেয়ার করুন। এটি চলমান ট্রেন্ড জানতে এবং পেশাদারদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়।
চাকরি অনুসন্ধান এবং ‘ওপেন টু ওয়ার্ক’ ব্যবহার করুন
জব সার্চ ফিল্টার ও নোটিফিকেশন ব্যবহার করুন। প্রাসঙ্গিক নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন এবং প্রোফাইলে ‘ওপেন টু ওয়ার্ক’ সেটিং চালু রাখুন।
সঠিকভাবে সাজানো লিংকডইন প্রোফাইল শুধু চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ায় না, বরং পেশাগত পরিচয় গঠনে এবং দক্ষতা প্রদর্শনে সহায়ক। তরুণরা এখনই প্রোফাইল হালনাগাদ করে ক্যারিয়ারের ভিত্তি মজবুত করতে পারেন।