গুগল ম্যাপে নিরাপদে লাইভ লোকেশন শেয়ার করার সহজ উপায়
চলাফেরার সময় প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকা এখন অনেক সহজ। তবে অবস্থান শেয়ার করতে গিয়ে নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগও থাকে।
এই সমস্যার সমাধান দিয়েছে গুগল ম্যাপসের লাইভ লোকেশন সুবিধা। এতে রিয়েল টাইমে অবস্থান জানানো যায়, আবার নিয়ন্ত্রণও থাকে নিজের হাতে।
কয়েকটি সহজ ধাপ মেনে চললেই নিরাপদে অবস্থান শেয়ার করা সম্ভব
দৈনন্দিন ব্যস্ততার মধ্যে দ্রুত ও নিরাপদ যোগাযোগের জন্য নতুন একটি ধারাবাহিক টিপস চালু করেছে টাইমস অব ইন্ডিয়া। এই ধারাবাহিকে দৈনন্দিন জীবনের ছোট ছোট প্রযুক্তিগত সমস্যার সহজ সমাধান তুলে ধরা হচ্ছে। লক্ষ্য একটাই, সময় বাঁচানো, ঝামেলা কমানো এবং স্মার্টভাবে জীবনযাপন করা।
চলতে ফিরতে সংযুক্ত থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু অবস্থান শেয়ার করলে কখনো কখনো নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। গুগল ম্যাপসের লাইভ লোকেশন সুবিধা এমনভাবে তৈরি, যাতে বন্ধু, পরিবার বা সহকর্মীদের কাছে নিজের অবস্থান রিয়েল টাইমে জানানো যায়, আবার গোপনীয়তাও বজায় থাকে।
এই সুবিধা ব্যবহার করলে প্রিয়জনরা নিরাপদে যাত্রাপথ অনুসরণ করতে পারেন। কোথাও দেখা করার পরিকল্পনা থাকলে বারবার ফোন করার প্রয়োজন পড়ে না। রাতের ভ্রমণ বা দীর্ঘ যাত্রায় মানসিক স্বস্তি পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, স্থায়ীভাবে অবস্থান প্রকাশ হয়ে থাকার ঝুঁকি কমে।
লাইভ লোকেশন শেয়ার করতে প্রথমে স্মার্টফোনে গুগল ম্যাপস অ্যাপ চালু করতে হবে। এরপর প্রোফাইল আইকনে চাপ দিয়ে লোকেশন শেয়ারিং অপশন নির্বাচন করতে হবে।
এরপর যাদের সঙ্গে অবস্থান শেয়ার করতে চান, সেই বিশ্বস্ত কনট্যাক্ট বেছে নিতে হবে বা নিরাপদ লিংক পাঠাতে হবে।
কত সময় পর্যন্ত অবস্থান দেখা যাবে, সেটিও নির্ধারণ করা যাবে। যেমন ১৫ মিনিট, ১ ঘণ্টা বা নিজে বন্ধ না করা পর্যন্ত। প্রয়োজনে যেকোনো সময় শেয়ার বন্ধ করা বা সময় বাড়ানো যাবে।
নিরাপত্তার জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি। কেবল বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গেই লাইভ লোকেশন শেয়ার করা উচিত। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে শেয়ার করা ঠিক নয়। সময়সীমা নির্ধারণ করলে অবস্থান দীর্ঘ সময় দৃশ্যমান থাকে না।
এ ছাড়া গুগল অ্যাকাউন্ট ও ম্যাপস অ্যাপ নিয়মিত হালনাগাদ রাখা দরকার, যাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত থাকে।