ভিডিও খোঁজার ঝামেলা এড়াতে ইউটিউবে প্লেলিস্ট সুবিধা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯

ভিডিও খোঁজার ঝামেলা এড়াতে ইউটিউবে প্লেলিস্ট সুবিধা
ছবি : সংগৃহীত

পছন্দের ভিডিও খুঁজে পেতে বারবার সার্চ করতে হয় অনেককে। ইউটিউবে নিয়মিত ভিডিও দেখা তরুণদের জন্য তাই প্লেলিস্ট সংরক্ষণ সুবিধা বেশ কাজে আসে। নিজের তৈরি কিংবা অন্যের বানানো প্লেলিস্ট সংরক্ষণ করে রাখলে পরে সহজেই দেখা যায়। কয়েকটি সহজ ধাপেই ইউটিউবে ভিডিও প্লেলিস্ট সেভ করা সম্ভব।

ইউটিউবে নিজের তৈরি প্লেলিস্ট, অন্য ক্রিয়েটরের বানানো প্লেলিস্ট কিংবা ‘ওয়াচ লেটার’-এ রাখা ভিডিও সবই ‘ইউ ট্যাব’-এ সংরক্ষণ করা যায়। প্লেলিস্ট সংরক্ষণ করলে পরে খুঁজে পাওয়া সহজ হয় এবং দ্রুত দেখা যায়। নিজের তৈরি প্লেলিস্ট চাইলে পাবলিকভাবে লাইব্রেরিতে যুক্ত করা যায়, যাতে অন্য ব্যবহারকারীরাও সেটি নিজেদের লাইব্রেরিতে যোগ করতে পারেন।

প্লেলিস্টের গোপনীয়তা নিয়ন্ত্রণ করা যায়। চাইলে প্রাইভেসি সেটিংস বদলে প্লেলিস্ট অন্যদের দেখার তালিকা থেকে সরিয়ে রাখা সম্ভব। এতে প্লেলিস্টটি নিজের চ্যানেলে দেখা যাবে, তবে অন্য দর্শকেরা দেখতে পারবেন না।

অন্য কোনো চ্যানেলের তৈরি প্লেলিস্টও নিজের লাইব্রেরিতে সংরক্ষণ করা যায়। এজন্য প্রথমে প্লেলিস্টটি খুলতে হবে। এরপর ‘সেভ’ বোতামে চাপ দিতে হবে, যা সাধারণত প্লাস আইকন বা ‘সেভ টু লাইব্রেরি’ নামে দেখা যায়। তখন প্লেলিস্টটি স্বয়ংক্রিয়ভাবে আপনার প্লেলিস্ট বিভাগে যুক্ত হবে। পরে সার্চ না করেই সহজে দেখা যাবে।

ভিডিও দেখার সময়ও প্লেলিস্ট সংরক্ষণ করা সম্ভব। কোনো প্লেলিস্টের অংশ এমন একটি ভিডিও চালু করতে হবে। ভিডিওর পাশে থাকা প্লেলিস্ট অপশন নির্বাচন করতে হবে। এরপর প্লেলিস্ট বক্সে গিয়ে ‘সেভ প্লেলিস্ট’ বেছে নিলেই সেটি লাইব্রেরিতে যুক্ত হবে।

যদি সংরক্ষিত কোনো প্লেলিস্ট মুছে ফেলতে চান, তাহলে প্রথমে সেই প্লেলিস্টে যেতে হবে। প্লেলিস্ট বক্সে থাকা ‘রিমুভ’ অপশনে চাপ দিলেই প্লেলিস্টটি লাইব্রেরি থেকে সরে যাবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন