চ্যাটজিপিটি ব্যবহারে নতুন সংযোজন ‘বিজ্ঞাপন’
চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে নতুন সংযোজন হিসেবে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা জানিয়েছে ওপেনএআই। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন চালু হবে। শুরুতে ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন।
গো প্ল্যানটি তুলনামূলক কম মূল্যের একটি সাবস্ক্রিপশন সেবা, যা গত জানুয়ারিতে বিশ্বজুড়ে চালু হয়েছে। তবে প্লাস, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ ও এডুকেশনসহ অন্যান্য পেইড প্ল্যানের ব্যবহারকারীরা বিজ্ঞাপনমুক্ত সেবা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন চালু ও চ্যাটজিপিটির উত্তরের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ওপেনএআই বলছে, বিজ্ঞাপন কখনোই চ্যাটবটের উত্তরে প্রভাব ফেলবে না। ব্যবহারকারীর কথোপকথনও বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করা হবে না। ব্যবহারকারীর আস্থা বজায় রাখাকেই প্রতিষ্ঠানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক বিষয়টি নিয়ে সমালোচনা করেছে। সুপার বোল উপলক্ষে প্রচারিত একটি বিজ্ঞাপনে তারা দেখিয়েছে, চ্যাটবটের উত্তরের মাঝখানে অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন যুক্ত হলে ব্যবহারকারীর অভিজ্ঞতা কেমন হতে পারে। এই প্রচারণাকে ভ্রান্তিপূর্ণ বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপন মূল উত্তরের একত্রিত করা হবে না। স্পনসরড কনটেন্ট আলাদা ও স্পষ্টভাবে দেখানো হবে। ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ যদি রান্নার রেসিপি খোঁজেন তবে খাবার ডেলিভারি বা মিল কিট সংক্রান্ত বিজ্ঞাপন দেখতে পারেন।
প্রতিষ্ঠানটির দাবি, বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাবেন না। তারা কেবল সামগ্রিক তথ্য জানতে পারবেন, যেমন কতজন বিজ্ঞাপন দেখেছে বা ক্লিক করেছে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের দেখা বিজ্ঞাপনের তথ্য দেখতে পারবেন এবং প্রয়োজন হলে তা মুছেও ফেলতে পারবেন। কেন নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানো হয়েছে সেটিও জানার সুযোগ থাকবে।
১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। পাশাপাশি স্বাস্থ্য, রাজনীতি বা মানসিক স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়ের পাশে বিজ্ঞাপন না রাখার কথাও জানিয়েছে ওপেনএআই।