বিনা মূল্যে ২ জিবি ব্যাকআপ স্টোরেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজস্ব ক্লাউড স্টোরেজে হোয়াটসঅ্যাপের কথোপকথন সংরক্ষণের সুবিধা চালু করছে মেটা। এর মাধ্যমে গুগল ড্রাইভ ব্যবহার না করেও হোয়াটসঅ্যাপের সার্ভারে কথোপকথন, ছবি, ভিডিওসহ অন্যান্য তথ্যের ব্যাকআপ রাখা যাবে। এ জন্য বিনা মূল্যে ২ জিবি স্টোরেজ দেবে হোয়াটসঅ্যাপ।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন ব্যাকআপ সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। অ্যান্ড্রয়েডের ২.২৬.৪৬.৪ সংস্করণের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারকারীদের একটি অংশ এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ব্যবহারকারীর জন্য সুবিধাটি উন্মুক্ত করা হতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়াবেটাইনফো প্রথম বিষয়টি শনাক্ত করেছে।
যেভাবে কাজ করবে নতুন সুবিধা
হোয়াটসঅ্যাপের নতুন ব্যাকআপ ব্যবস্থায় দুটি বিকল্প থাকবে। ব্যবহারকারীরা আগের মতো গুগল ড্রাইভে অথবা হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভারে কথোপকথন সংরক্ষণ করতে পারবেন। নতুন করে সাজানো ব্যাকআপ ব্যবস্থাপনার পর্দা থেকে সহজেই পছন্দের সেবা নির্বাচন করা যাবে। চাইলে যেকোনো সময় ব্যাকআপ সংরক্ষণের স্থান পরিবর্তনও করা যাবে।
ব্যাকআপে থাকবে এনক্রিপশন সুরক্ষা
হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভারে রাখা ব্যাকআপে শুরু থেকেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা থাকবে। তবে প্রথমবার ব্যাকআপ তৈরির আগে ব্যবহারকারীকে এই সুরক্ষা চালু করে নিতে হবে।
কেন প্রয়োজন নতুন সুবিধা
এত দিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের কথোপকথন সংরক্ষণের জন্য মূলত গুগল ড্রাইভের ওপর নির্ভর করতে হতো। গুগল ড্রাইভ, জিমেইল ও গুগল ফটোজ মিলিয়ে প্রতিটি গুগল অ্যাকাউন্টে বিনা মূল্যে ১৫ জিবি স্টোরেজ পাওয়া যায়। তবে নিয়মিত ছবি ও ভিডিও আদান-প্রদান করলে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ দ্রুত সেই স্টোরেজের বড় অংশ দখল করে নিতে পারে।
হোয়াটসঅ্যাপের নিজস্ব ২ জিবি স্টোরেজ ব্যবহার করলে গুগল অ্যাকাউন্টের জায়গা কিছুটা সাশ্রয় হবে। পাশাপাশি কথোপকথন, ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা আরেকটি বিকল্প পাবেন।