‘সুপার অ্যাপ’ রূপান্তরে নতুন সংস্করণ আনছে ওপেনএআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ৮ জুন ২০২৬, ১১:৪৬

‘সুপার অ্যাপ’ রূপান্তরে নতুন সংস্করণ আনছে ওপেনএআই

চ্যাটজিপিটির নতুন সংস্করণ আনার কাজ করছে ওপেনএআই, যা ‘সুপার অ্যাপ’ হিসেবে কাজ করবে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সংস্করণ চালু হতে পারে। এতে কোডিং টুল ও এআই এজেন্ট যুক্ত থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে চায় ওপেনএআই। পাশাপাশি সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে লাভজনক অবস্থানের কাছাকাছি পৌঁছানোও কোম্পানিটির লক্ষ্য।

একই প্ল্যাটফর্মে নানা সেবা

নতুন কৌশলের অংশ হিসেবে চ্যাটজিপিটিকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করা হচ্ছে, যা ব্যবহারকারীদের বিভিন্ন পেইড সেবার দিকে নিয়ে যাবে। এর মধ্যে কোডিং পণ্য ‘কোডেক্স’ উল্লেখযোগ্য। এক জ্যেষ্ঠ কর্মীকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘চ্যাটের যুগ শেষ।’

ওপেনএআইয়ের মূল পণ্য ও প্ল্যাটফর্ম বিভাগের প্রধান থিবো সোটিও বলেন, এমন একটি পণ্য তৈরির দিকে কাজ চলছে, যেখানে ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহারকারীর ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা ক্ষেত্রে সহায়তা করতে পারবে।

কৌশলে বড় পরিবর্তন

এই ‘সুপার অ্যাপ’ পরিকল্পনা নতুন নয়। গত বছর থেকেই এ ধরনের পরিকল্পনার খবর সামনে আসছিল। মার্চে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০২৫ সালে বিভিন্ন আলাদা পণ্য আনার পর এখন কৌশলে বড় পরিবর্তন আনছে ওপেনএআই।

কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও জেনারেটর ‘সোরা’র মতো কিছু আলাদা প্রকল্প থেকে সরে এসে এখন মূল পণ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন