নতুন রূপে আসছে অ্যান্ড্রয়েড ১৭, বাড়ছে তরুণদের আগ্রহ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৯

নতুন রূপে আসছে অ্যান্ড্রয়েড ১৭, বাড়ছে তরুণদের আগ্রহ
ছবি : নাইনটি ওয়ান মোবাইলস ডটকম

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১৭। প্রযুক্তিপ্রেমী তরুণদের মধ্যে ইতোমধ্যে এ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নকশা ও ফিচারে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে নতুন সংস্করণে। খুব শিগগিরই উন্মুক্ত হতে পারে এর প্রথম বেটা সংস্করণ।

স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ শিগগিরই চালু হবে বলে নিশ্চিত করেছে গুগল। এক আনুষ্ঠানিক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর৩ বেটা ২.১-ই অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক শেষ সংস্করণ। এরপর থেকে পুরো মনোযোগ দেওয়া হবে অ্যান্ড্রয়েড ১৭ প্ল্যাটফর্ম রিলিজের দিকে।

রেডিট-এ প্রকাশিত ওই ঘোষণায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ১৭ বেটা ১ দিয়েই নতুন ধাপ শুরু হবে। যদিও নতুন সংস্করণে কী কী ফিচার যুক্ত হবে তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে অ্যান্ড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে নতুন বেটা সংস্করণে সর্বশেষ বাগ সংশোধন, স্থিতিশীলতা বৃদ্ধি এবং পারফরম্যান্স উন্নয়ন থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রথা অনুযায়ী প্রথমে উপযুক্ত পিক্সেল ফোনগুলোতেই বেটা সংস্করণটি উন্মুক্ত হতে পারে। এটি ডেভেলপার প্রিভিউ নয়। ফলে সমর্থিত পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারীরা সরাসরি বেটা সংস্করণ ইনস্টল করতে পারবেন। সাধারণত ডেভেলপার প্রিভিউ সংস্করণে বেশি ত্রুটি থাকে এবং ডিভাইস অস্থিতিশীল হয়ে পড়ে। সে তুলনায় বেটা সংস্করণ তুলনামূলক স্থিতিশীল হয়। তাই নতুন সংস্করণ আগেভাগে ব্যবহার করতে আগ্রহীদের জন্য এটি স্বস্তির খবর।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী অ্যান্ড্রয়েড ১৭-এ বেশ কিছু নকশা পরিবর্তন আসতে পারে। নতুন ব্যবহারকারীমুখী নকশায় ব্লার ও স্বচ্ছ উপাদান যুক্ত হতে পারে। এতে সফটওয়্যারের চেহারায় আধুনিকতা আসবে। দ্রুত সেটিংস প্যানেলে ক্লাসিক ও বিভক্ত দুই ধরনের বিন্যাস বেছে নেওয়ার সুযোগ থাকতে পারে। বাম দিক থেকে সোয়াইপ করলে নোটিফিকেশন এবং ডান দিক থেকে সোয়াইপ করলে দ্রুত সেটিংস প্যানেল দেখা যাবে।

এ ছাড়া স্ক্রিন রেকর্ডিং চালুর সময় সরাসরি পর্দায় আঁকিবুঁকি করার সুবিধা থাকতে পারে। হোমস্ক্রিন থেকেই নির্দিষ্ট অ্যাপ পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে লক করার সুবিধাও যুক্ত হতে পারে। এতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা আরও সহজ হবে।

অ্যান্ড্রয়েড ১৬-এ মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ নকশা যুক্ত হয়েছিল। অ্যান্ড্রয়েড ১৭ সেই নকশাকে আরও পরিশীলিত করবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অনেক বাজেট ও মধ্যম দামের ফোন এখনও অ্যান্ড্রয়েড ১৬ সংস্করণে থাকলেও আগেভাগে অ্যান্ড্রয়েড ১৭ বেটা চালু হওয়ায় পিক্সেল ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতার অপেক্ষা শুরু হলো।

সূত্র : নাইনটি ওয়ান মোবাইলস ডটকম

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন