যুক্তরাষ্ট্রে ভাগ্য নির্ধারণের চূড়ান্ত পথে টিকটক
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে শেষের দিকে এগোচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমটি জানিয়েছে, তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম কিনে নিচ্ছে একটি বিনিয়োগকারী জোট, যার নেতৃত্বে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি ট্রাম্প প্রশাসনের গত সেপ্টেম্বরে ঘোষিত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের এক জটিল ইস্যু মিটবে এবং বাণিজ্য সংক্রান্ত আলোচনায়ও এটি সহায়ক হবে।
এই বিক্রি হচ্ছে ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত জাতীয় নিরাপত্তা আইনের কারণে। ওই আইনে বলা হয়েছিল, চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্র শাখায় তাদের মালিকানা ২০ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হবে।
নতুন কাঠামোয়, টিকটক যুক্তরাষ্ট্র একটি যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হবে। টিকটকের প্রধান নির্বাহী শো চিউ জানিয়েছেন, নতুন প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা সংখ্যাগরিষ্ঠ মালিকানা রাখবেন। ওরাকল, সিলভার লেক ম্যানেজমেন্ট এবং আবুধাবি ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স প্রত্যেকে ১৫ শতাংশ শেয়ার পাবেন। বাইটড্যান্সের কিছু বর্তমান বিনিয়োগকারীর সহযোগী প্রতিষ্ঠান ৩০ দশমিক ১ শতাংশ মালিকানা রাখবে, আর বাইটড্যান্স নিজের ১৯ দশমিক ৯ শতাংশ রাখবে।
নতুন উদ্যোগের পরিচালনা পর্ষদে সাতজন সদস্য থাকবেন, যার বেশির ভাগ হবেন মার্কিন নাগরিক। তারা ডেটা সুরক্ষা, কনটেন্ট নিয়ন্ত্রণ এবং অ্যালগরিদম নিরাপত্তা তদারক করবেন। টিকটক যুক্তরাষ্ট্র একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে।

চুক্তি জানুয়ারি ২২-এ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে, যদিও শৌ চিউ জানিয়েছেন, এর আগে আরও কিছু কাজ বাকি আছে। জাতীয় নিরাপত্তা আইনে বাইটড্যান্সকে ২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে মালিকানা ছাড়ার সময়সীমা দেওয়া হয়েছিল। পরে ট্রাম্প প্রশাসন এই সময়সীমা কয়েক দফা বাড়িয়েছে।
টিকটকের সাফল্যের মূল রহস্য হলো এর অ্যালগরিদম। ব্যবহারকারীর আগ্রহ ও সাম্প্রতিক কর্মকাণ্ড অনুযায়ী ভিডিও দেখানোই অ্যাপটিকে জনপ্রিয় করেছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অ্যালগরিদমের নতুন সংস্করণ তৈরি হবে এবং ওরাকল নিরাপত্তার তদারক করবে। মার্কিন ব্যবহারকারীদের তথ্য নিরাপদ ক্লাউডে সংরক্ষণ করা হবে, আর বাইটড্যান্সের সেই তথ্যের কোনো প্রবেশাধিকার থাকবে না।
চুক্তি অনুযায়ী টিকটক যুক্তরাষ্ট্রের মূল্য ধরা হয়েছে প্রায় ১৪ বিলিয়ন ডলার। যদিও আগে এর মূল্যায়ন ৩৫ থেকে ৫০ বিলিয়ন ডলারের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার করেন প্রায় ১৭ কোটি মানুষ। দৈনিক ব্যবহারের দিক থেকে এটি ইউটিউব ও ইনস্টাগ্রামের সঙ্গে পাল্লা দিচ্ছে।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, জেন জি প্রজন্মের মধ্যে টিকটক এখন একটি সাংস্কৃতিক শক্তি। টিকটক শপের মতো নতুন সেবাগুলো ভবিষ্যতে ই-কমার্স খাতে অ্যামাজন ও ওয়ালমার্টের জন্য চ্যালেঞ্জ হতে পারে।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা আশঙ্কা প্রকাশ করেছেন, চীনা আইন অনুযায়ী বাইটড্যান্স প্রয়োজনে সরকারের সঙ্গে তথ্য ভাগ করতে বাধ্য। যদিও টিকটক দাবি করে, তারা কখনো চীনা সরকারকে মার্কিন ব্যবহারকারীর তথ্য দেয়নি এবং দেবে না। তবুও এই নিরাপত্তা উদ্বেগই টিকটকের যুক্তরাষ্ট্র কার্যক্রমে বড় পরিবর্তনের পথ খুলেছে।