২০ বছর পর কিশোরদের জন্য অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা আনল এক্স

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪

২০ বছর পর কিশোরদের জন্য অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা আনল এক্স

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অবশেষে কিশোরদের জন্য অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু হয়েছে। এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের অ্যাকাউন্ট ব্যবহারের সময়সীমা নির্ধারণ, অনুসারী নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের কনটেন্ট দেখার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারবেন। তবে অ্যাকাউন্টের ওপর কিশোরদেরও কিছু নিয়ন্ত্রণ থাকবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ থেকে ১৭ বছর বয়সীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ‘প্রোটেক্টেড মোড’ চালু থাকবে। ফলে তারা সংবেদনশীল কনটেন্ট দেখতে পারবে না এবং তাদের লক্ষ্য করে বিজ্ঞাপনও দেখানো হবে না। অ্যাকাউন্টে কী কী বিধিনিষেধ দেওয়া হয়েছে, তা কিশোরেরা নিজেরাই দেখতে পারবে।

নতুন সুবিধার আওতায় অভিভাবকেরা সন্তানদের এক্স ব্যবহারের সাপ্তাহিক সময় দেখতে এবং দৈনিক ব্যবহারের সীমা নির্ধারণ করতে পারবেন। নতুন কেউ অনুসারী হতে চাইলে অভিভাবকের অনুমোদন বাধ্যতামূলক করা, ফিডে শুধু অনুসরণ করা অ্যাকাউন্টের সুপারিশ ও ভিডিও দেখানো এবং নির্দিষ্ট শব্দ ফিল্টার করার সুবিধাও থাকছে।

এ ছাড়া সংবেদনশীল ছবি ও ভিডিও বন্ধ রাখা, কারা ব্যক্তিগত বার্তা পাঠাতে পারবে তা নির্ধারণ এবং সন্তান কার সঙ্গে বার্তা আদান-প্রদান করছে, তা দেখার সুযোগ পাবেন অভিভাবকেরা।

তবে অভিভাবকেরা সন্তানের ব্যক্তিগত বার্তা পড়তে, অনুসন্ধান বা দেখার ইতিহাস দেখতে কিংবা সন্তানের পরিচয়ে কোনো পোস্ট দিতে পারবেন না। অর্থাৎ, অভিভাবকেরা কিছু নিয়ন্ত্রণের সুযোগ পেলেও কিশোরদের ব্যক্তিগত কথোপকথন ও অ্যাকাউন্টের মালিকানা অক্ষুণ্ন থাকবে।

এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রক ব্যবহার করে শিশু ও নারীদের যৌন আবেদনময় ছবি তৈরির ঘটনায় চলতি বছরের শুরুতে সমালোচনার মুখে পড়ে প্ল্যাটফর্মটি। এ ছাড়া শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত উপাদান, ভুল তথ্য, এআই বট এবং পর্নোগ্রাফিক কনটেন্ট প্রকাশের সুযোগ নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে এক্সের বিরুদ্ধে।

কিশোরদের লক্ষ্য করে তৈরি না হলেও প্ল্যাটফর্মটিতে তাদের উপস্থিতি রয়েছে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা ২০২৪ সালের এক গবেষণায় দেখা যায়, জেনারেশন আলফার প্রায় এক-তৃতীয়াংশ শিশুর এক্স অ্যাকাউন্ট রয়েছে। প্ল্যাটফর্মটির নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হতে হয়।

এক্সের নিরাপত্তা বিভাগের প্রধান মাইকেল ও'হিরলি এক ব্লগ পোস্টে বলেন, অভিভাবকেরা সন্তানদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা চান। একই সঙ্গে কিশোরদেরও নিজেদের অ্যাকাউন্টের ওপর অধিকার থাকা প্রয়োজন। নতুন সুবিধায় দুই পক্ষের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন