কর্মী কমাচ্ছে টিকটক, যুক্তরাষ্ট্রে একটি অফিস বন্ধের ঘোষণা
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ২৫০ জন কর্মী ছাঁটাই করছে এবং যুক্তরাষ্ট্রে তাদের একটি অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে অবস্থিত এই অফিসটিতে টিকটকের কনটেন্ট মডারেশন টিমের কিছু সদস্য কাজ করতেন।
বিষয়টি প্রথম প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস।
টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চারের মুখপাত্র জাননা ক্রাউলি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কার্যক্রম আরও সহজ করতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টিকটকে যারা কনটেন্ট তৈরি, খোঁজ এবং সংযোগ স্থাপন করেন, যুক্তরাষ্ট্রের সেই ২০০ মিলিয়ন ব্যবহারকারীর জন্য নিরাপদ, সুরক্ষিত ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো এখন সহিংস বা অশ্লীল কনটেন্ট শনাক্ত ও অপসারণে ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত এসেছে।
২০২৪ সালে ভাড়া নেওয়া ন্যাশভিল অফিসটি আগামী ৫ অক্টোবর বন্ধ হয়ে যাবে।