আবারও সার্ভার বিভ্রাটে অচল গ্রোক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটসেবা গ্রোক আবারও বড় ধরনের সার্ভার বিভ্রাটে পড়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো ব্যবহারকারী জানিয়েছেন, তারা একই সময়ে গ্রোকের অ্যাপ ও ওয়েবসাইট কোনোটিতেই প্রবেশ করতে পারছেন না। হঠাৎ এই সমস্যায় তরুণ ব্যবহারকারীদের মধ্যে হতাশা ও বিরক্তি ছড়িয়ে পড়েছে।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে প্রথম গ্রোকের সেবায় সমস্যা ধরা পড়ে। শুরুতে অল্প কিছু অভিযোগ এলেও অল্প সময়ের মধ্যেই তা দ্রুত বাড়তে থাকে। বিকেল ৩টার মধ্যে ২ হাজারের বেশি ব্যবহারকারী সেখানে বিভ্রাটের কথা জানান। অধিকাংশ ব্যবহারকারীই বলেছেন, সমস্যাটি মূলত সার্ভারজনিত।
ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, গ্রোকের অ্যাপ খুলতে গেলে তা ঠিকভাবে লোড হচ্ছে না। অনেক ক্ষেত্রে শুধু ত্রুটির বার্তা দেখা যাচ্ছে। একই পরিস্থিতি দেখা গেছে গ্রোকের ওয়েবসাইটেও। কেউ কেউ জানিয়েছেন, প্রশ্ন পাঠানোর পর কোনো উত্তর আসছে না। আবার কারও ক্ষেত্রে অ্যাপ চালু হলেও সেটি পুরোপুরি কাজ করছে না।
ডাউনডিটেক্টরে দেওয়া মন্তব্যে এক ব্যবহারকারী জানান, এক্স ঠিকভাবে চলছে, কিন্তু গ্রোক পুরোপুরি অচল। তিনি আরও বলেন, অ্যান্ড্রয়েড অ্যাপে একটি বার্তা দেখা গেছে, যেখানে বলা হয়েছে সমস্যার সমাধানে কাজ চলছে। আরেকজন ব্যবহারকারী লেখেন, গ্রোক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, বারবার চেষ্টা করেও একই অবস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও এই বিভ্রাট নিয়ে আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী সেখানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। একজন লেখেন, গ্রোক অ্যাপ কি শুধু তারই বন্ধ, নাকি সবার? পোস্ট দিতে পারা থেকেই বোঝা যায়, এটি ইন্টারনেট সংযোগের সমস্যা নয়। আরেকজন জানান, এক্স অ্যাপের ভেতরে থাকা গ্রোক এবং আলাদা গ্রোক অ্যাপ, দুটোতেই একই ধরনের ত্রুটি দেখা যাচ্ছে।
কিছু ব্যবহারকারী হতাশার সঙ্গে মজার ভঙ্গিতেও মন্তব্য করেছেন। একজন লেখেন, গ্রোক বন্ধ থাকায় এখন নিজের মস্তিষ্ক ব্যবহার করতে হচ্ছে। আবার কেউ কেউ বলেন, গ্রোক ভালো সেবা দিলেও সাম্প্রতিক সময়ে বারবার বিভ্রাটের কারণে নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত গ্রোক কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। কী কারণে এই সার্ভার বিভ্রাট হয়েছে বা কবে নাগাদ সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। ফলে ব্যবহারকারীদের অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই।
বারবার এমন সমস্যায় পড়ায় প্রযুক্তিপ্রেমী তরুণদের মধ্যে গ্রোকের স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সবাই এখন তাকিয়ে আছে, কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এই এআই চ্যাটসেবা।