বাংলাদেশ ফুটবলের সঙ্গে বছরজুড়ে কাজ করবে টিকটক

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ১২:১৩

বাংলাদেশ ফুটবলের সঙ্গে বছরজুড়ে কাজ করবে টিকটক
ছবি : সংগৃহীত

দেশের ফুটবলকে নতুনভাবে তরুণদের কাছে পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে টিকটক। মাঠের উত্তেজনা, খেলোয়াড়দের গল্প আর দর্শকদের আবেগ এবার আরও কাছ থেকে দেখা যাবে ডিজিটাল পর্দায়। এই লক্ষ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে এক বছরের অংশীদারত্বে যাচ্ছে জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্ম।

টিকটক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বা বিএফএফের অফিসিয়াল বিনোদন অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে। এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে আরও সমৃদ্ধ করা, কনটেন্ট নির্মাতাদের ফুটবল অঙ্গনে যুক্ত করা এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ফুটবলের উপস্থিতি বাড়ানোই মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ মাস ধরে বিএফএফের বিভিন্ন কার্যক্রমের জন্য টিকটক হবে প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে ফুটবলপ্রেমীরা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, পর্দার আড়ালের দৃশ্য, খেলোয়াড়দের ব্যক্তিগত গল্প, দর্শকদের প্রতিক্রিয়া এবং কনটেন্ট নির্মাতাদের তৈরি ফুটবলভিত্তিক ভিডিও উপভোগ করতে পারবেন।

এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে ধারাবাহিক কনটেন্ট কৌশলের মাধ্যমে। পুরো মৌসুমজুড়ে নিয়মিত ভিডিও প্রকাশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচ ও বিশেষ মুহূর্তকে কেন্দ্র করে আলাদা আয়োজন থাকবে। এর সঙ্গে যুক্ত থাকবে কনটেন্ট নির্মাতাদের সহযোগিতা, হ্যাশট্যাগভিত্তিক চ্যালেঞ্জ এবং নোটিফিকেশন সুবিধা, যাতে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো যায়।

টিকটকের এই উদ্যোগের মাধ্যমে দেশের ফুটবল সংস্কৃতি নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলের আগ্রহ বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আন্তর্জাতিক দর্শকদের কাছেও বাংলাদেশ ফুটবলের গল্প পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

টিকটক জানিয়েছে, তাদের বৈশ্বিক ক্রীড়া ইকোসিস্টেম ব্যবহার করে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে তুলে ধরা হবে। এতে দেশের খেলোয়াড়, সমর্থক এবং কনটেন্ট নির্মাতারা একসঙ্গে একটি বড় ডিজিটাল মঞ্চে যুক্ত হতে পারবেন।