গুগলের ‘অ্যালুমিনিয়াম ওএস’ : অ্যান্ড্রয়েড আসছে ডেস্কটপে
অ্যান্ড্রয়েডকে আরও বিস্তৃত করার পরিকল্পনা গুগলের বহু দিনের। এবার সেই পরিকল্পনার রূপরেখা আরও স্পষ্ট হয়েছে। ‘অ্যালুমিনিয়াম ওএস’ নামের নতুন একটি অপারেটিং সিস্টেম আনার প্রস্তুতি নিয়েছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে তৈরি এই প্ল্যাটফর্ম ডেস্কটপে অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি হবে ভিন্ন এক ডিজিটাল অভিজ্ঞতা।
একটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকেই প্রথম জানা যায় অ্যালুমিনিয়াম ওএস সম্পর্কে। সেখানে এটিকে অ্যান্ড্রয়েড ভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম হিসেবে বর্ণনা করা হয়। লক্ষ্য হলো স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসকে একই পরিবেশে যুক্ত করা। বিজ্ঞপ্তিটি হয়তো এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু ততক্ষণে অনেক তথ্যই পরিষ্কার হয়ে গেছে।
অ্যান্ড্রয়েড অথরিটি প্রথম খবরটি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন ওএস বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য তৈরি করা হবে। নিম্নমূল্যের ল্যাপটপ থেকে শুরু করে প্রিমিয়াম কম্পিউটার পর্যন্ত সব স্তরের ডিভাইসে এটি চলবে। এতে অ্যান্ড্রয়েডের শক্তি আরও বেশি ব্যবহার করা যাবে।
নতুন ওএস আসলেও ক্রোম ওএস সঙ্গে সঙ্গেই হারিয়ে যাবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে শুরুতে ক্রোম ওএস এবং অ্যালুমিনিয়াম ওএস দুই ধরনের ডিভাইসই বাজারে থাকবে। ল্যাপটপ, ট্যাবলেট, ডিট্যাচেবল ডিভাইস এবং ছোট বক্স ডিভাইস পর্যন্ত সব নকশায়ই পরীক্ষামূলক কাজ চলবে। তবে পরে একটি নির্দেশনা আরও আগ্রহ তৈরি করেছে। সেখানে বলা হয়েছে গুগলকে ধীরে ধীরে ক্রোম ওএস থেকে অ্যালুমিনিয়াম ওএসে স্থানান্তর করার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে অ্যালুমিনিয়াম ওএসই হতে পারে গুগলের মূল কম্পিউটার প্ল্যাটফর্ম।
অ্যালুমিনিয়াম নামটি নিয়েও আলোচনা রয়েছে। নামের শেষে যেভাবে ইয়ার ধ্বনি যোগ করা হয়েছে তা ব্রিটিশ বানানের অনুসরণ। অনেকেই মনে করছেন এটি ক্রোমিয়াম নামের সঙ্গে মিল রাখার একটি কৌশল।
গুগল বেশ কয়েক বছর ধরেই পিসিতে অ্যান্ড্রয়েড আনার চিন্তা করছে। বিভিন্ন সময় পরীক্ষামূলক মন্তব্যও এসেছে। গত বছর থেকেই ধারণা ছিল যে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। পরে অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সামির সমাত নিশ্চিত করেন যে, গুগল অ্যান্ড্রয়েড এবং ক্রোম ওএসকে যুক্ত করে একটি নতুন একীভূত প্ল্যাটফর্ম তৈরি করছে। এটি আগামী বছরই উন্মুক্ত করা তাদের পরিকল্পনা।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন অ্যালুমিনিয়াম ওএস বাজারে এলে ল্যাপটপে স্মার্টফোনের মতো সুবিধা আরও বাড়বে। সহজে অ্যাপ চালানো, মাল্টিটাস্কিং, গেম খেলা বা ফাইল ব্যবস্থাপনা সবই হবে আরও দ্রুত ও আরামদায়ক। একই সঙ্গে এক ডিভাইস থেকে আরেকটিতে কাজ নেওয়াও সহজ হবে।
অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যালুমিনিয়াম ওএস প্রযুক্তি দুনিয়ায় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ব্যবহারকারীরা ডেস্কটপে স্মার্টফোনের স্বাচ্ছন্দ্য পাবেন আর ডেভেলপাররা পাবেন নতুন সম্ভাবনার মাঠ। গুগলের এই পদক্ষেপ ভবিষ্যতের কম্পিউটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।
সূত্র : দ্য ভার্জ