দেশের প্রথম বাংলাদেশি পণ্যের ই-কমার্স পোর্টাল শপার্সলিংক-এর আত্মপ্রকাশ

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭

দেশের প্রথম বাংলাদেশি পণ্যের ই-কমার্স পোর্টাল শপার্সলিংক-এর আত্মপ্রকাশ

দেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম যৌথভাবে বিনিয়োগকৃত প্রতিষ্ঠান ফিঙ্গারটিপ্স ইনোভেশন্স লিমিটেড দেশের প্রথম বাংলাদেশি পণ্যের ই-কমার্স পোর্টাল শপার্সলিংক-এর আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

নতুন এই পোর্টালটির মূল লক্ষ্য হলো- দেশের উদ্যোক্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের ক্রয়-বিক্রয়ের কেন্দ্র হিসেবে কাজ করা। এখানে ব্যবসায়ীরা সরাসরি তাদের পণ্য গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি তদারকি করতে পারবেন। পোর্টালের সফটওয়্যার তৈরি করা হয়েছে বাংলাদেশের মেধাবী তথ্যপ্রযুক্তিবিদদের দ্বারা। এতে ব্যবহৃত ইআরপি সেবা ‘বণিকবুক’ আন্তর্জাতিক মানের।

বাংলাদেশে এমন সেবা এটিই প্রথম। দেশীয় পণ্য বিশ্বের মানচিত্রে শুধু বাংলাদেশকেই নয়, প্রতিটি উদ্যোক্তাকেই তুলে ধরবে। দেশের কর্মঠ ও মেধাবী উদ্যোক্তাদের সহায়তায় এই উদ্যোগ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অংশ হিসেবে এগিয়ে যাবে।

ফিঙ্গারটিপ্স-এর সঙ্গে গত মঙ্গলবার চুক্তি স্বাক্ষর করেছে জেসিআই আন্তর্জাতিক-এর অঙ্গসংগঠন জেসিআই ঢাকা ইউনাইটেড। সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ফিঙ্গারটিপ্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তৌফিকুল করিম সুহৃদ এবং জেসিআই ঢাকা ইউনাইটেড-এর বর্তমান সভাপতি ফাহমিদুর রহমান অনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইউনাইটেড-এর পরবর্তী সভাপতি ডক্টর মোহাম্মদ আনামুল হক, ফিঙ্গারটিপ্স-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং জেসিআই ঢাকা ইউনাইটেড-এর সম্মানিত সদস্যরা।

শপার্সলিংক-এ যেকোনো জেসিআই উদ্যোক্তা বা সদস্য নামমাত্র একটি মাসিক খরচ দিয়ে ইআরপি সেবা সহই তাদের পণ্য বাজারজাত করতে পারবেন। কোনো বিক্রয়লব্ধ অর্থের অংশ বা কমিশন দিতে হবে না। যদিও এই সুযোগ সীমিত সময়ের জন্য, উদ্যোক্তাদের উৎসাহিত করতে এটি নেওয়া হয়েছে।