এক্সের ওয়েব সংস্করণে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৩:০৯

এক্সের ওয়েব সংস্করণে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ওয়েব সংস্করণ নতুন করে তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, নতুন সংস্করণ আগের তুলনায় অনেক দ্রুত কাজ করবে। ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে নতুন সংস্করণ চালু করা হচ্ছে, যা একেক দেশে একেক সময়ে পাওয়া যাবে।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, এক্সের প্রধান প্রকৌশলী ইয়াগিজ নিজিপলি এক ব্লগ পোস্টে নতুন সংস্করণের গতি বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন। তাঁর দেওয়া উদাহরণ অনুযায়ী, ধীরগতির ইন্টারনেট সংযোগে আগে এক্সের কোনো প্রোফাইল খুললে প্রথম পোস্ট দেখতে ২২ সেকেন্ডের বেশি সময় লাগত। নতুন সংস্করণে একই কাজ করতে সময় লাগছে মাত্র ২ দশমিক ৭ সেকেন্ড।

নতুন সংস্করণ তৈরির সময় প্রযুক্তিগত অবকাঠামোতেও পরিবর্তন এনেছে এক্স। আগে ব্যবহারকারী, সার্চ ইঞ্জিনের তথ্য সংগ্রহকারী ব্যবস্থা এবং লিংকের প্রিভিউ তৈরির জন্য আলাদা তিনটি সার্ভার ব্যবহার করা হতো। এখন এই তিনটি ব্যবস্থার পরিবর্তে একটি সার্ভার ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তা গবেষক জেন মানচুন ওংও নতুন সংস্করণ ব্যবহারের অভিজ্ঞতা জানিয়েছেন। তার মতে, নতুন ওয়েব সংস্করণ দ্রুত লোড হয় এবং এর বিভিন্ন অংশ আগের তুলনায় আরও পরিপাটি।

এক্সের প্রকৌশলী ইয়াগিজ নিজিপলি জানিয়েছেন, নতুন সংস্করণটি ইতোমধ্যে লগ-ইন না করা ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাওয়া যায় এমন পৃষ্ঠাগুলোতেও নতুন সংস্করণ ব্যবহার করা হচ্ছে। তবে লগইন করা ব্যবহারকারীদের জন্য দেশভিত্তিক পর্যায়ে এটি চালু করা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন