পকেটে বহনযোগ্য এক্সবক্সের সবচেয়ে ছোট কন্ট্রোলার

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১২:৩৮

পকেটে বহনযোগ্য এক্সবক্সের সবচেয়ে ছোট কন্ট্রোলার

তরুণ ও ছোট হাতের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সবচেয়ে ছোট আকারের গেম কন্ট্রোলার এনেছে মাইক্রোসফট। ‘এক্সবক্স ন্যানো’ নামের এই কন্ট্রোলার আকারে ছোট হলেও দীর্ঘ সময় গেম খেলার জন্য বেশ স্বাচ্ছন্দ্যদায়ক। সহজে পকেটে বহন করার উপযোগী করে তৈরি করা হয়েছে এটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের জ্যেষ্ঠ প্রতিবেদক টম ওয়ারেন কন্ট্রোলারটি ব্যবহার করে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার হাতে আকারে ছোট কন্ট্রোলারটি বেশ ভালোভাবে মানিয়ে গেছে। দৈর্ঘ্যে পাঁচ ইঞ্চির কিছু বেশি হওয়ায় এর প্রায় সব বোতাম ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রচলিত এক্সবক্স কন্ট্রোলারের তুলনায় ছোট করা হয়েছে।

কন্ট্রোলারটির এবিএক্সওয়াই বোতাম ও থাম্বস্টিক কিছুটা ছোট। তবে দিকনির্দেশক বোতাম এবং মাঝখানের আলোকিত এক্সবক্স বোতামের আকার অপরিবর্তিত রেখেছে মাইক্রোসফট।

প্রচলিত কন্ট্রোলারের তুলনায় ন্যানোর ট্রিগার বোতামগুলো আকারে ছোট। এগুলো চাপের মাত্রা বুঝতে পারে এবং অ্যানালগ পদ্ধতিতে কাজ করে। তবে পুরোপুরি চাপলে বড় কন্ট্রোলারের মতো ভারী শব্দের বদলে এতে ক্লিক করার মতো শব্দ হয়। ট্রিগারের ওপরের বাম্পার বোতামগুলোও প্রচলিত কন্ট্রোলারের তুলনায় কম শব্দ করে।

দীর্ঘ সময় ব্যবহারে অস্বস্তি হতে পারে বলে ধারণা করেছিলেন প্রতিবেদক। তবে কন্ট্রোলারটির দুই পাশের হাতল ব্যবহারের সময় স্বাচ্ছন্দ্য ধরে রাখতে সহায়তা করে। ছোট আকারের অনেক কন্ট্রোলারে ওজন ও পুরুত্ব কমাতে হাতল রাখা হয় না। ন্যানোতে হাতল থাকায় এটি সমতল টেবিলের ওপর পুরোপুরি সমানভাবে রাখা যায় না।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন