ম্যাকবুকে অ্যান্টিভাইরাস ইনস্টল করার আগে যা জানা জরুরি
ভাইরাস ও ম্যালওয়্যার থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখতে অ্যাপলের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রয়েছে। ম্যাকবুকের অপারেটিং সিস্টেম ম্যাকওএসে থাকা তিন স্তরের সুরক্ষাব্যবস্থা ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত ও প্রতিরোধ করতে পারে। তাই সাধারণ ব্যবহারের ক্ষেত্রে আলাদা থার্ড-পার্টি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করা সব সময় জরুরি নয়। তবে কিছু ক্ষেত্রে বাড়তি সুরক্ষার প্রয়োজন হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআরের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপ স্টোরের নিরাপত্তাব্যবস্থা, গেটকিপার, নোটারাইজেশন এবং এক্সপ্রোটেক্ট নামের অ্যান্টিম্যালওয়্যার প্রযুক্তি ম্যাকওএসের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ম্যাকওএসের তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা
প্রথম স্তরে অ্যাপ স্টোর, গেটকিপার ও নোটারাইজেশনের মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার চালু হওয়া ঠেকানো হয়। দ্বিতীয় স্তরে গেটকিপার ও নোটারাইজেশনের পাশাপাশি এক্সপ্রোটেক্ট ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত ও প্রতিরোধে কাজ করে। তৃতীয় স্তরে কোনো ম্যালওয়্যার সিস্টেমে প্রবেশ করে সক্রিয় হয়ে গেলে এক্সপ্রোটেক্ট সেটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করে।
তবে এসব ব্যবস্থা থাকলেও ম্যাকবুক পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। রেডিটে এক ব্যবহারকারী জানিয়েছেন, ১৫ বছর ধরে ম্যাক ব্যবহার করলেও প্রথম বছরে অ্যান্টিভাইরাস ব্যবহার করে কোনো হুমকি শনাক্ত করতে পারেননি। তবে তার মতে, তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করলে ক্ষতিকর প্রোগ্রাম কম্পিউটারে প্রবেশের ঝুঁকি থাকে।
কখন বাড়তি অ্যান্টিভাইরাস প্রয়োজন
অ্যাপ স্টোরের বাইরে থেকে সফটওয়্যার ডাউনলোড, টরেন্ট ব্যবহার কিংবা অপরিচিত ওয়েবসাইট থেকে ফাইল সংগ্রহ করলে ঝুঁকি বাড়তে পারে। এ ধরনের ব্যবহারকারীদের জন্য বাড়তি অ্যান্টিভাইরাস সফটওয়্যার অতিরিক্ত সুরক্ষা দিতে পারে। ইএসইটি, সার্ফশার্ক, আভিরা, এভিজি ও বিটডিফেন্ডারের মতো প্রতিষ্ঠানের নিরাপত্তা সফটওয়্যার এ ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে।

তবে অ্যান্টিভাইরাস ইনস্টল করলেই সব ধরনের হুমকি থেকে সুরক্ষা নিশ্চিত হয় না। নিরাপদ উৎস থেকে সফটওয়্যার ডাউনলোড করা, অপরিচিত ফাইল এড়িয়ে চলা এবং ম্যাকওএস নিয়মিত হালনাগাদ রাখাও গুরুত্বপূর্ণ।
বাড়তি অ্যান্টিভাইরাস ব্যবহারে সতর্কতা
থার্ড-পার্টি অ্যান্টিভাইরাস বাড়তি সুরক্ষা দিলেও কিছু সফটওয়্যার ম্যাকওএসের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার সঙ্গে বিরোধ তৈরি করতে পারে। অ্যাপল কমিউনিটির এক সদস্যের মতে, সিস্টেম পরিষ্কার করার সফটওয়্যার ও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) মতো অ্যাপ কখনো কখনো নিরাপত্তাব্যবস্থার সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে উপকারের চেয়ে বেশি সমস্যা সৃষ্টি করতে পারে।
তাই অ্যান্টিভাইরাস ইনস্টল করার আগে সফটওয়্যারটির নির্ভরযোগ্যতা, প্রয়োজনীয়তা ও ম্যাকওএসের সঙ্গে সামঞ্জস্য যাচাই করা উচিত। সাধারণ ব্যবহারে ম্যাকবুকের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা ও সতর্ক অনলাইন অভ্যাস অনেক ক্ষেত্রে যথেষ্ট হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ উৎস থেকে নিয়মিত ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করলে বাড়তি সুরক্ষার প্রয়োজন হতে পারে।