কম্পিউটারের সিপিইউতে কেন স্বর্ণ ব্যবহার করা হয় জানেন?

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৩৮

কম্পিউটারের সিপিইউতে কেন স্বর্ণ ব্যবহার করা হয় জানেন?

কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (সিপিইউ) পিন ও সংযোগস্থলে স্বর্ণের পাতলা প্রলেপ থাকে। এর কারণ স্বর্ণের ভালো বিদ্যুৎ পরিবাহিতা ও ক্ষয় প্রতিরোধের ক্ষমতা। তবে এসব যন্ত্রাংশে স্বর্ণের পরিমাণ খুবই কম। একটি পরীক্ষায় ১৫০টি ইন্টেল পেন্টিয়াম ৪ প্রসেসর থেকে এক গ্রামেরও কম স্বর্ণ সংগ্রহ করা হয়েছিল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ইমান গোল্ড রিকভারির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে প্রসেসর থেকে স্বর্ণ সংগ্রহের প্রক্রিয়া দেখানো হয়েছে। এতে দেখা যায়, প্রসেসরের পিনে থাকা পাতলা প্রলেপ থেকে সামান্য পরিমাণ স্বর্ণ পাওয়া যায়।

সিপিইউতে স্বর্ণ ব্যবহার করা হয় কেন

প্রসেসরের পিনগুলো পুরোপুরি স্বর্ণের তৈরি নয়। সাধারণত তামা বা পিতলের মতো সস্তা ধাতুর ওপর তড়িৎ প্রলেপ পদ্ধতিতে স্বর্ণের পাতলা স্তর বসানো হয়। স্বর্ণ সহজে বাতাস বা আর্দ্রতার সংস্পর্শে ক্ষয়প্রাপ্ত হয় না। পাশাপাশি এর বিদ্যুৎ পরিবাহিতা ভালো হওয়ায় মাদারবোর্ডের সঙ্গে নির্ভরযোগ্য সংযোগ বজায় রাখতে সহায়তা করে।

পুরোনো যন্ত্রাংশে স্বর্ণ বেশি

অল্প পরিমাণ ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ সংগ্রহ সাধারণত লাভজনক নয়। শিল্পকারখানায় বিপুল পরিমাণ পুরোনো যন্ত্রাংশ প্রক্রিয়াজাত করলে এ কাজ অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০-এর দশকে তৈরি ইলেকট্রনিক যন্ত্রাংশে স্বর্ণের প্রলেপের পুরুত্ব প্রায় ১ মাইক্রোমিটার ছিল। বর্তমানে অনেক ক্ষেত্রে তা কমে ০ দশমিক ১ থেকে ০ দশমিক ৫ মাইক্রোমিটারে নেমেছে।

ফিনিক্স রিফাইনিংয়ের তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের একটি কম্পিউটার বোর্ড থেকে ১ থেকে ৫ গ্রাম পর্যন্ত স্বর্ণ পাওয়া যেতে পারে। অন্যদিকে, আধুনিক একটি স্মার্টফোনে স্বর্ণের পরিমাণ প্রায় ০ দশমিক ০৩৪ গ্রাম। তবে যন্ত্রের ধরন ও গঠনভেদে স্বর্ণের পরিমাণ আলাদা হতে পারে।

স্বর্ণ সংগ্রহ কতটা লাভজনক

সিপিইউ বা অন্য ইলেকট্রনিক যন্ত্রাংশ থেকে অল্প পরিমাণ স্বর্ণ সংগ্রহ করতে গিয়ে রাসায়নিক ও যন্ত্রপাতির পেছনে ব্যয় করা অর্থের তুলনায় লাভ কম হতে পারে। একটি পরীক্ষায় ১৫০টি ইন্টেল পেন্টিয়াম ৪ প্রসেসর থেকে এক গ্রামেরও কম স্বর্ণ পাওয়া গিয়েছিল।

এ ছাড়া স্বর্ণ সংগ্রহের প্রক্রিয়ায় বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করতে হয়। তাই বাড়িতে এ কাজ করা ঝুঁকিপূর্ণ। নিরাপদ ব্যবস্থাপনার জন্য ই-বর্জ্য পুনর্ব্যবহারকারী বা ধাতু পরিশোধনকারী প্রতিষ্ঠানের কাছে যন্ত্রাংশ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন