শিশু-কিশোরদের মহাকাশবিজ্ঞান শেখাতে ব্যতিক্রমী আয়োজন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১৩:৪১

শিশু-কিশোরদের মহাকাশবিজ্ঞান শেখাতে ব্যতিক্রমী আয়োজন

মহাকাশবিজ্ঞান, সৃজনশীলতা ও ভবিষ্যতের মহাকাশ অভিযানের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে ঢাকার রূপনগরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’। ৩ অক্টোবর দিনব্যাপী এ আয়োজন যৌথভাবে করে স্পেস ইনোভেশন ক্যাম্প ও বিইউবিটি।

আয়োজনে দেশের বিভিন্ন স্কুলের ৪ থেকে ১৪ বছর বয়সী ৫০ জন শিশু-কিশোর অংশ নেয়। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল স্পেস স্টোরিটেলিং প্রতিযোগিতা। প্রথম ধাপে অংশগ্রহণকারীরা মহাকাশ নিয়ে নিজেদের স্বপ্ন, চিন্তা, কল্পনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিন মিনিটের উপস্থাপনা করে। নির্বাচিত প্রতিযোগীরা দ্বিতীয় ধাপে পাঁচ মিনিটের চূড়ান্ত স্টোরিটেলিংয়ে অংশ নেয়।

প্রতিযোগীদের ৬-৮ বছর, ৯-১১ বছর এবং ১২-১৪ বছর বয়সী তিনটি গ্রুপে ভাগ করা হয়। দুই ধাপের প্রতিযোগিতা শেষে তিন গ্রুপ থেকে মোট ১৫ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতার পাশাপাশি শিশুদের জন্য ছিল মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন হাতে-কলমে কার্যক্রম। এর মধ্যে স্পেস রোবটিক্স, রোবটিক্স ওয়ার্কশপ, রকেটারি ওয়ার্কশপ, স্পেস আর্ট ও বিভিন্ন ইন্টার‌্যাকটিভ স্পেস সায়েন্স কার্যক্রম ছিল। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিশুদের মহাকাশের বিভিন্ন অভিজ্ঞতাও দেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি শিশুদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি কৌতূহলী হওয়ার পাশাপাশি বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। তার মতে, আজকের শিশুরাই আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্ভাবক ও মহাকাশ গবেষক। প্রযুক্তির শুধু ব্যবহারকারী নয়, নতুন প্রযুক্তি ও জ্ঞানের উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশুদের প্রতি তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। বিচারকদের পক্ষ থেকে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) অ্যাসোসিয়েট প্রফেসর আল ইমতিয়াজ। তিনি শিশুদের উপস্থাপনা, মহাকাশ নিয়ে তাদের চিন্তাভাবনা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি কৌতূহল ধরে রাখার আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু। তিনি বলেন, শিশুদের কাছে মহাকাশকে শুধু বইয়ের একটি অধ্যায় হিসেবে না রেখে তাদের প্রশ্ন করা, ভাবা, গল্প বলা, রোবট তৈরি ও রকেট সম্পর্কে জানার সুযোগ তৈরি করতে চান তারা। আজকের শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক কিংবা মহাকাশচারী তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিচারকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তিন বয়সভিত্তিক গ্রুপের ১৫ জন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় মেডেল।

আয়োজকদের মতে, ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ শুধু একটি প্রতিযোগিতা নয়, শিশুদের আনন্দের সঙ্গে মহাকাশ বিজ্ঞান শেখা, নিজেদের চিন্তা প্রকাশ এবং হাতে-কলমে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার একটি প্ল্যাটফর্ম।

আয়োজনে টেকনোলজি ও এআই পার্টনার ছিল রাইজ আপ ল্যাবস এবং পেমেন্ট পার্টনার সূর্যপে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, অতিথি, বিচারক, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও অংশগ্রহণকারীদের সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন