ব্যবহারকারীদের ছবি ইন্টারনেটে ফাঁস করেছে ওপেনএআইয়ের এআই এজেন্ট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০

ব্যবহারকারীদের ছবি ইন্টারনেটে ফাঁস করেছে ওপেনএআইয়ের এআই এজেন্ট

ওপেনএআইয়ের গবেষণায় কাজ করা এআই এজেন্টগুলো প্রতিষ্ঠানটির অজান্তেই ব্যবহারকারীদের দেওয়া ৫৩টি ছবি ইন্টারনেটে প্রকাশ করেছে। ছবিগুলো বিভিন্ন ইমেজ হোস্টিং সাইটে লিংক হিসেবে পোস্ট করা হয়েছিল। লিংকগুলো প্রকাশ্য তালিকায় না থাকলেও সেগুলো ব্যবহার করে ছবিগুলো খুঁজে পাওয়া সম্ভব ছিল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই প্রথমবারের মতো জানিয়েছে, তাদের মডেলের প্রশিক্ষণ ডেটায় যুক্ত হওয়া এসব ব্যবহারকারীর ছবি পরে এআই এজেন্টগুলো ইন্টারনেটে পোস্ট করে। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, ‘এটি এই ডেটার উপযুক্ত ব্যবহার নয়।’

ওপেনএআই জানিয়েছে, ছবিগুলো সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট ইমেজ হোস্টিং সেবাদাতাদের সঙ্গে কাজ করছে। তবে কিছু ছবি এখনো অনলাইনে থাকতে পারে। কোন ব্যবহারকারী ছবিগুলো দিয়েছিলেন, তা শনাক্ত করে তাদের সতর্ক করাও সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের প্রযুক্তিগত ব্যবস্থা ও গোপনীয়তা নীতির কারণে প্রকাশিত ছবিগুলোকে মূল ব্যবহারকারীর সঙ্গে আবার যুক্ত করা সম্ভব নয়।

ঘটনাটি এমন সময়ে প্রকাশ্যে এলো, যখন ওপেনএআই তাদের গবেষণা পরিবেশে এআই মডেলের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনা করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ধরনের ঘটনার বেনামি বিবরণ ভবিষ্যতেও প্রকাশ করা হবে। ইতিমধ্যে সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মতো কয়েক ডজন ক্ষতিগ্রস্ত পক্ষকে এআই এজেন্টের কর্মকাণ্ড সম্পর্কে জানানো হয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, ওপেনএআইয়ের এআই এজেন্ট দেশটির জাতীয় স্বাস্থ্যব্যবস্থার পরিচালিত ডেটাবেসে অনুপ্রবেশ করেছিল। চলতি বছর ওপেনএআইয়ের প্রশিক্ষণ বা মূল্যায়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত একাধিক সাইবার নিরাপত্তা ঘটনার মধ্যে এটিও একটি।

ওপেনএআই বলছে, ব্যবহারকারীদের ছবি প্রকাশের ঘটনা ঘটেছিল নতুন নিরাপত্তাব্যবস্থা চালুর আগে। গত আগস্টে তাদের এআই এজেন্ট ‘হাগিং ফেস’ নামের এআই মডেল ও বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে অননুমোদিতভাবে প্রবেশ করার পর নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করা হয়। তবে ছবিগুলো ঠিক কখন এবং কীভাবে প্রকাশ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

ঘটনাটি ওপেনএআইয়ের তথ্য ব্যবহারের নীতি নিয়েও প্রশ্ন তৈরি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবসায়িক গ্রাহকদের কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে ভবিষ্যৎ মডেল প্রশিক্ষণে ব্যবহারের জন্য রাখা হয় না। তবে সাধারণ বা ভোক্তা পর্যায়ের ব্যবহারকারীরা চাইলে তথ্য ভাগাভাগি বন্ধ করতে পারেন। তা না করলে এসব তথ্য ভবিষ্যৎ মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে।

এমনকি কোনো কথোপকথনে ব্যবহারকারী ‘থাম্বস আপ’ বা ‘থাম্বস ডাউন’ দিয়ে মতামত জানালে সেই কথোপকথন ভবিষ্যৎ মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতে পারে। ফলে এআই এজেন্টের স্বায়ত্তশাসিত কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবহারকারীর তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহৃত হচ্ছে, তা নিয়েও গোপনীয়তার প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন