গুগলের প্রোডাক্ট এক্সপার্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মাহাবুব হাসান

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০

গুগলের প্রোডাক্ট এক্সপার্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মাহাবুব হাসান

গুগল প্রোডাক্ট এক্সপার্ট সামিট ২০২৬-এর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক আয়োজনে ‘সোশ্যাল হেল্প’ বিভাগে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাম্বাসেডর মাহাবুব হাসান। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রোডাক্ট এক্সপার্ট এই পুরস্কার পেলেন বলে জানিয়েছেন তিনি।

জাপানের টোকিওতে গুগল জাপান কার্যালয়ে ১৬ ও ১৭ সেপ্টেম্বর এ সামিট অনুষ্ঠিত হয়। সামিটের শেষ দিনে প্রোডাক্ট এক্সপার্টদের বিভিন্ন অবদানের স্বীকৃতি দিতে ১১টি বিভাগে পুরস্কার দেওয়া হয়।

গুগল প্রোডাক্ট এক্সপার্ট হলো ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্ন ও কারিগরি সমস্যার সমাধানে সহায়তা করা একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী কমিউনিটি। এর সদস্যরা গুগলের কর্মী নন। নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করে তারা গুগলের বিভিন্ন সহায়তা ফোরামে ব্যবহারকারীদের সহযোগিতা করেন।

মাহাবুব হাসানের গুগল কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা প্রায় ১৫ বছরের। ২০১১ সালে গুগল ম্যাপ মেকার প্ল্যাটফর্মের মাধ্যমে তার স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু হয়। পরে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা ও বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির বিভিন্ন দায়িত্বে যুক্ত হন তিনি।

২০১৬ সাল থেকে গুগল প্রোডাক্ট এক্সপার্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত মাহাবুব। ইউটিউব, গুগল ড্রাইভ ও গুগল অ্যাকাউন্টসহ বিভিন্ন গুগল সেবার সহায়তা ফোরামে ব্যবহারকারীদের কারিগরি সমস্যার সমাধানে তিনি অবদান রেখে আসছেন।

২০২৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশের জন্য গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাম্বাসেডর নির্বাচিত হন মাহাবুব। ২০২৬ সালেও তিনি এ দায়িত্বে পুনর্নির্বাচিত হন।

গুগলের লোকাল গাইডস প্ল্যাটফর্মেও তার অবদান রয়েছে। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার পাশাপাশি ২০২০ সালে ‘গাইডিং স্টার’, ২০২১ সালে ‘মিটআপ চ্যাম্পিয়ন’ এবং ২০২৫ সালে ‘অ্যাক্সেসিবিলিটি চ্যাম্পিয়ন’ হিসেবে স্বীকৃতি পান তিনি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন