প্রতিযোগিতায় টিকে থাকতে অর্ধেক দামে মডেল দিচ্ছে ওপেনএআই
এআই মডেলের প্রতিযোগিতা যখন আরও তীব্র হচ্ছে, তখন জিপিটি-৬ সিরিজের নতুন সল ও লুনা মডেল উন্মোচন করেছে ওপেনএআই। নতুন মডেলগুলোর এপিআই ব্যবহারের খরচ আগের ৫.৬ সিরিজের তুলনায় অর্ধেক করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে জিপিটি-৬ অ্যাস্ট্রা উন্মোচনের পর সল ও লুনার নতুন সংস্করণ এনেছে ওপেনএআই। এর মাত্র ৯০ মিনিট আগে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকও নতুন ওপাস ৫.৫ মডেল উন্মোচন করে। দুই প্রতিষ্ঠানের মধ্যে এআই মডেল নিয়ে তীব্র প্রতিযোগিতার মধ্যেই নতুন মডেল দুটি আনল ওপেনএআই।
সল জটিল কাজ, বিশেষ করে কোডিংয়ের জন্য তৈরি। অন্যদিকে লুনা বেশি পরিমাণে সম্পন্ন করা যায় এমন নির্দিষ্ট কাজের জন্য উপযোগী। নথি সংক্ষেপ করা, তথ্য বের করা ও দ্রুত প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজে লুনা ব্যবহার করা যাবে।
ওপেনএআই জানিয়েছে, ক্যাশিং ও ইনফারেন্স প্রযুক্তির উন্নতির কারণে নতুন মডেলগুলোর এপিআই ব্যবহারের খরচ কমানো সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, জিপিটি-৬ সল আগের সংস্করণের তুলনায় প্রায় অর্ধেক ভুল করে এবং কম খরচে অ্যাস্ট্রার কাছাকাছি নির্ভরযোগ্যতা দিতে পারে। কোডিংয়ের ক্ষেত্রেও এর ভুলের হার কমেছে।
নতুন সল ও লুনা মডেল এখন অধিকাংশ অর্থপ্রদানকারী অ্যাকাউন্টের চ্যাটজিপিটি ওয়ার্ক ও কোডেক্সে এবং চ্যাটজিপিটির এপিআইয়ে পাওয়া যাচ্ছে। লুনা ডেস্কটপ অ্যাপ এবং ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্যও চালু হয়েছে। চ্যাটজিপিটির অ্যাপ ও ওয়েবসাইটে মডেল দুটি ধাপে ধাপে চালু করবে ওপেনএআই।